'স্ট্রেঞ্জার থিংস'-এ বন্ধুত্বের পরীক্ষা

>‘ইলাভেন’ কারও নাম হতে পারে? স্ট্রেঞ্জার থিংস-এ সবই সম্ভব। স্ট্রেঞ্জার থিংস মানে অদ্ভুত ব্যাপার-স্যাপার। নেটিফ্লিক্সের এই টিভি সিরিজ এর নামের মতোই অদ্ভুতুড়ে ঘটনা নিয়ে সাজানো। সায়েন্স ফিকশন হরর সিরিজ স্ট্রেঞ্জার থিংস–এর নির্মাতা ডাফার ভ্রাতৃদ্বয়— ম্যাট ও রজ ডাফার। আজ মুক্তি পাচ্ছে সিরিজের তৃতীয় মৌসুম। কী কী ‘স্ট্রেঞ্জ’ অর্থাৎ অদ্ভুত জিনিসপত্র ঘটে গেছে আর সামনে যা ঘটতে পারে, সেসব নিয়েই আজকের এই লেখা
বন্ধুত্ব
আশির দশকের কথা। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইন্ডিয়ানার শহর হকিন্সের চার কিশোর বন্ধু মাইক, উইল, ডাস্টিন আর লুকাসের দিনকাল ভালোই চলছিল। বিপত্তিটা হলো, এক রাতে মাইকের বাসা থেকে খেলা শেষে বাড়ি ফেরার পথে উধাও হয়ে গেল উইল। আর সেই রহস্য উদ্ধারেই নেমে পড়ল বাকি তিন বন্ধু। নিজেরাই সাধ্যমতো খুঁজতে থাকল বন্ধুকে। এমন সময় পরিচয় হলো ‘ইলাভেন’ বা ‘এল’ নামের এক রহস্যকন্যার সঙ্গে, যে কিনা চোখের ইশারাতেই যেকোনো জিনিস হাওয়ায় ভাসাতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। একদিকে নিজেদের বন্ধু হারিয়ে যাওয়া আর অন্যদিকে এমন এক রহস্যকন্যাকে মাইকের বাড়িতে লুকিয়ে রাখা—এসব চমক দিয়েই শুরু হয় স্ট্রেঞ্জার থিংস। আর একের পর এক চমক বাড়তেই থাকে।
হপার ও জয়েস
হকিন্সের পুলিশ কর্মকর্তা হপার। নিখোঁজ উইলকে খোঁজার মামলা হাতে নিয়ে একসময় বুঝতে পারলেন যে তিনি আসলে উইলের পেছনে না, অন্য কোনো হারানো শিশুর পেছনে ঘুরছেন। সেই শিশুর নাম ইলাভেন। মাইকদের বেসমেন্টে লুকিয়ে থাকা সেই মেয়েটি। অন্যদিকে উইলের মা জয়েসও বিশ্বাস করেন যে তাঁর ছেলে বেঁচে আছে। কেউ প্রথমে বিশ্বাস না করলেও হপার শেষমেশ ঠিকই বুঝতে পারেন যে জয়েস গোড়া থেকেই ঠিক। এর মাঝে আবার মাইকের বোন ন্যান্সির বান্ধবী বারবারা নিখোঁজ হয়ে যায়। উইল বা বারবারার হারানোর রহস্য বের করতে করতেই এগোতে থাকে মূল কাহিনি।
ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জি ল্যাবরেটরি
মূল ঝামেলা এই জায়গাকে নিয়ে, যা বুঝতে হলে আপনাকে স্ট্রেঞ্জার থিংস–এর শুরু থেকে পইপই করে দেখতে হবে শেষ পর্যন্ত। সেই গবেষণাগারেই গবেষণার নামে গোপনীয় বিভিন্ন বেআইনি পরীক্ষা চালানো হচ্ছিল। অতিপ্রাকৃতিক ক্ষমতা নিয়ে জন্মানো ছোট শিশুদের ধরে এনে এখানে রেখেই বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা চালানো হতো। এখান থেকেই পুরো সিরিজের মূল সমস্যার উৎপত্তি। এখানেই ইলাভেনকে নিয়ে গবেষণার সময় ল্যাবের মধ্যে পৃথিবীর সঙ্গে অন্য এক মহাজাগতিক জায়গার সম্পর্ক স্থাপিত হয়। সেখান থেকে বেরিয়ে আসে আজব এক প্রাণী। তবে শেষ পর্যন্ত সমস্যার কতটুকু সমাধান হয়েছিল, সেটা আর না-ই বলি।
নেটফ্লিক্সে স্ট্রেঞ্জার থিংস–এর প্রথম মৌসুম আটটি পর্ব নিয়ে মুক্তি পায় ২০১৬ সালের ১৫ জুলাই। দ্বিতীয় মৌসুম মুক্তি পায় ২০১৭ সালের অক্টোবর, সেটা ছিল ৯ পর্বের।
তৃতীয় মৌসুম
১৯৮৫ সালের হকিন্স। গ্রীষ্ম এসে গেছে, স্কুলও বন্ধ। শহরে নতুন একটি শপিং মল হয়েছে। মাইক, উইলরাও এখন আর ছোট নেই। দ্বিতীয় মৌসুমের পর যাঁরা স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন, তাঁদের জন্য দুঃসংবাদ এসেছে এবারের ট্রেলার থেকেই। অন্য যে মহাজগতের দরজা খুদে পাণ্ডবের দল বন্ধ করে দিয়েছিল, সে জগতের অদ্ভুত ছায়াপ্রাণীই আবার পৃথিবীতে আসতে চায়। পোষকদেহের সন্ধানে আছে সে। শত্রু কখনো শেষ হয়ে যায় না, তাদের কেবল পুনর্জন্ম বা ব্যাপ্তি ঘটে, সেটাই বোঝানো হয়েছে এবারের স্ট্রেঞ্জার থিংস–এর ট্রেলারে।
শেরিফ হপার চরিত্রের অভিনেতা ডেভিড হারবার জানিয়েছেন, তৃতীয় মৌসুমের শেষ পর্ব এখন পর্যন্ত তাঁর অভিনীত সেরা পর্ব। এটি নাকি ভক্তদের আবেগী করে তুলবে! এই মৌসুমে বন্ধুত্বের বেশ বড় পরীক্ষা দিতে হবে মাইক–উইল–ডাস্টিন–ইলাভেনদের। ঘটনাগুলো যে আগের মতো ‘স্ট্রেঞ্জ’, কিংবা তার চেয়েও অদ্ভুত হতে বাকি নেই, নিঃসন্দেহে তা বলার অপেক্ষা রাখছে না।
মুসাব্বির হুসাইন