
অনুষ্ঠান শেষ। তবে যে বিতর্কের আগুন করণ জোহর ছড়িয়ে গেলেন বলিউডে, তার আঁচ এখনো তাপিয়ে যাচ্ছে গুজবপ্রেমীদের। মোটামুটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বলিউড। এক দল বলছে, বলিউডে টিকতে হলে যুদ্ধ করে যেতে হয় স্বজনপ্রীতিতে আষ্টেপৃষ্ঠে জড়ানো মানুষদের সঙ্গে। আরেক দল বলছে উল্টো কথা। এভাবেই গত ১০ মার্চের পর থেকে বলিউড কোনো সিনেমার আলাপে নয়, সরগরম এই ‘স্বজনপ্রীতি’র বিতর্কে।

১০ মার্চ প্রচারিত হয় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের সেই পর্ব, যেখানে অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী কঙ্গনা রনৌত। অনুষ্ঠানের উপস্থাপক করণ জোহর আর কঙ্গনা রনৌতের মধ্যে অনুষ্ঠানের শুরু থেকেই একধরনের মধুর দ্বন্দ্ব দেখা যায়। করণের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তোলেন কঙ্গনা। বলেন, দীর্ঘদিন ধরে বলিউডে চলে আসা স্বজনপ্রীতির অভ্যাসকে উত্তরাধিকার সূত্রে লালন করে আসছেন করণ জোহর। তাঁর অভিযোগ, করণের মতো বলিউড ‘মাফিয়া’-দের চোখে সব সময়ই প্রিয় ছিল ‘স্টার কিডস’ বা তারকা সন্তানেরা। তাই করণ নাকি বিভিন্ন সময় ছোট শহর থেকে বলিউডে আসা কঙ্গনাকে নিয়ে ব্যঙ্গ করতেন। এমনকি অনেক প্রযোজককে পরামর্শও দিতেন কঙ্গনার মতো বলিউডের বহিরাগত ব্যক্তিদের ছবিতে না নেওয়ার। আনুশকা শর্মার কথাই ধরুন। যখন আদিত্য চোপড়া তাঁর ছবি রাব নে বানা দি জোড়ির জন্য আনুশকাকে নির্বাচন করেন, তখন করণ এ বিষয়ে দ্বিধা প্রকাশ করেছিলেন। একইভাবে আদিত্যর ব্যান্ড বাজা বারাত-এ নবাগত রণবীর সিংকে নিয়েও আপত্তি ছিল করণের।
কঙ্গনার এই বক্তব্যের পর পরিস্থিতি ততটা উত্তপ্ত হয়নি। তবে একই বিষয়ে যখন একটি ঝাঁজালো মন্তব্য করেন করণ, তখনই দ্বন্দ্ব গুরুতর হয়ে ওঠে। অনুপমা চোপড়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘বলিউড এতই যদি খারাপ জায়গা হয়, তাহলে তিনি (কঙ্গনা) তো তা ছেড়ে যেতে পারেন। তাঁর মতো এত শক্তিমান একজন অভিনেত্রী এমন অসহায়ত্ব কেন দেখাচ্ছেন, বুঝতে পারছি না। আমি তো চাইলে আমাকে স্বজনপ্রীতির অপবাদ দেওয়ার অংশটি কেটেও দিতে পারতাম। কিন্তু আমি তো সেটা দিইনি।’
করণের এই মন্তব্যের পর প্রকাশ্যে চলে বলিউডে সব বহিরাগত শিল্পীর ক্ষোভ। তাপসী পান্নু, হুমা কুরায়শি, প্রাচী দেশাইয়ের মতো শিল্পীরা বলেছেন বলিউডকে কিছু মানুষ নিজেদের ‘পারিবারিক ব্যবসা’ বলে মনে করছে। অভিনেত্রী রিচা চাড্ডা তো বলেছেন, বলিউডের ভেতরের মানুষ বহিরাগত ব্যক্তিদের কখনোই আপন মনে করে না। বরং বলিউডের বাইরে এসব শিল্পীর কদর বেশি।
তবে আরেকটি দল কথা বলছে একদম ভিন্ন সুরে। নওয়াজুদ্দিন সিদ্দিকী, স্বরা ভাস্করের মতো একদম ভিন্ন সামাজিক অবস্থান থেকে উঠে আসা শিল্পীরা এ অভিযোগকে উড়িয়ে দিয়েছেন হেসে।
এবং পরে আমির খান স্বজনপ্রীতির অভিযোগ সহজভাবেই মেনে নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি কাজ থেকে ব্যক্তিজীবন আলাদা রাখি। তবে হ্যাঁ, এটা বলতেই হয় যে আমি সুযোগ পেলেই চেষ্টা করি আমার পরিচিতজনদের সাহায্য করতে।’
আদর রহমান
টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস ও স্কুপহুপ অবলম্বনে