মিলন। টিভির অভিনয়শিল্পী। এখন অভিনয় করছেন চলচ্চিত্রেও। আজ এনটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক নীল রঙের গল্প। নাটকটিতে অভিনয় করছেন তিনি।
নীল রঙের গল্প...

নাটকটিতে অভিনয় করছি মজনু চরিত্রে। ‘লাইলী-মজনু’র মজনু, তবে এই সময়ের প্রেক্ষাপটে। প্রেম যেমন সর্বজনীন, তেমন লাইলী-মজনু, দেবদাস-পার্বতী, রোমিও-জুলিয়েট চরিত্রগুলোও আমার কাছে সর্বজনীন মনে হয়। প্রতিটি মানুষের ভেতরই একজন মজনু কিংবা একজন রোমিও থাকে, শুধু প্রেক্ষাপটটা বদলায়। যেহেতু গল্পটা একটু ভিন্ন, এখন পর্যন্ত দর্শক নাটকটা খুব পছন্দ করেছে। বেশ সাড়াও পাচ্ছি।
যদি আমার জীবনটা গল্প হতো...
প্রথমত আমার মনে হয় না আমি এমন জায়গায় পৌঁছাতে পেরেছি, যেখান থেকে আমাকে নিয়ে গল্প হতে পারে। গল্প বা নাটকে আমরা অজানাকেই জানার চেষ্টা করি। সেদিক থেকে ভাবলে, দর্শকের হয়তো আমার জীবনের ছোট ছোট গল্প দেখতে ভালোই লাগবে।
নাটক-সিনেমা, কাটছে ব্যস্ত সময়...
আমার শুরু মঞ্চ থেকে। এখন তো নাটক-সিনেমা দুটোই সমানতালে করছি। ভবিষ্যতেও এমনটাই করে যাওয়ার ইচ্ছা। তবে ব্যস্ততার জন্য মঞ্চে এখন আর কাজ করতে পারছি না।
যে ছবিগুলো হাতে আছে...
চারটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছি। রোমান্স, ভালোবাসা সীমাহীন, ওয়ান ওয়ে আর ময়নামতি। এ ছাড়া যৈবতী কন্যার মন নামে সরকারের অনুদানের একটি ছবিতে কাজ করা নিয়েও কথা চলছে।
নিজেকে নিয়ে নিরীক্ষা...
‘এক্সপেরিমেন্ট’ করতে তো সব সময় ভালোবাসি। যেকোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে প্রথমে দেখি আমার পছন্দ হচ্ছে কি না, তারপর দর্শকের দৃষ্টিভঙ্গি থেকেও ভাবতে চেষ্টা করি। কেননা প্রত্যেক শিল্পীরই একটা নিজস্বতা থাকে। দর্শক তাঁকে একভাবে দেখে অভ্যস্ত, কিংবা হয়তো অনেক রকম চরিত্রে দেখতে চায় না। যদি মনে হয় দর্শকের ভালো লাগাটা বাড়বে, তাহলে কাজ করি।
আসছে কোরবানির ঈদ উপলক্ষে আমার অভিনীত নাটক...
এরই মধ্যে প্রায় ১৫টি নাটকের শুটিং শেষ হয়েছে।
ছোট পর্দা থেকে বড় পর্দায়, দর্শকের সাড়া...
আমার দুটি ছবি দেহরক্ষী আর পোড়ামন, দুটোই প্রশংসা পেয়েছে। সুতরাং দর্শক যে আমাকে বড় পর্দায় দেখতে পছন্দ করছে, সেটা ইতিমধ্যেই জেনে গেছি। এখন স্বপ্ন দেখি সীমানা পেরোনোর। দেশের বাইরেও আলোচিত হবে, এমন ছবি করতে চাই।
মো. সাইফুল্লাহ