
ফারহানা মিলি। অভিনয়শিল্পী। মা হয়েছেন তিনি। তাই বছর দেড়েক অভিনয় থেকে দূরে ছিলেন। এখন আবার কাজ করছেন। আজ এসএ টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক রেইন ফরেস্ট। এতে অভিনয় করেছেন তিনি।
‘রেইন ফরেস্ট’...
মাস তিনেক আগে নাটকটির শুটিং করেছি। নাটকে আমি একজন নারী পাচারকারীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। নাটকটিতে পোড় খাওয়া মেয়েদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে।
আর যা করছি...
এখন পুরোদমে কাজ করছি। কয়েকটি এক ঘণ্টার নাটক, টেলিছবি আর ধারাবাহিক নাটকের শুটিং করছি। এগুলোর নির্মাতারা হলেন আলভী আহমেদ, সাঈদ রিংকু, জান্নাতুন নাইম।
‘মনপুরা’র পর...
মনপুরা ছবির পর কয়েকজন নির্মাতা চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। সবগুলোই ছিল মনপুরা ছবির মতোই। একই ধরনের ছবিতে অভিনয় করতে চাইনি। এখন ভালো ছবি হচ্ছে। আমি আবার ছবিতে অভিনয় করব।
জীবনের সেরা মুহূর্ত...
আমার জীবনের সেরা মুহূর্ত সন্তানের মুখ দেখার সময়টা। এ ছাড়া আল্ট্রাসনোগ্রাম করার সময় প্রথম সন্তানের হূৎস্পন্দন আমার মাঝে এক সুখের অনুভূতি তৈরি করেছিল।
হুমায়ূন আহমেদের উপন্যাসে...
যখন অভিনয় শুরু করি, তখন হুমায়ূন আহমেদের গল্প কিংবা উপন্যাসে কাজ করার স্বপ্ন দেখতাম। এবার হুমায়ূন আহমেদের একজন মায়াবতী উপন্যাস নিয়ে তৈরি নাটকে কাজ করতে যাচ্ছি। উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটি পরিচালনা করবেন মাজহারুল ইসলাম। এর মধ্য দিয়ে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
বিনোদন প্রতিবেদক