'স্বপ্নগুলো বদলে গেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী নাগ
মৌসুমী নাগ

মৌসুমী নাগ। নিয়মিত কাজ করছেন টিভিতে। ইদানীং চলচ্চিত্রেও অভিনয় করছেন। আজ মাছরাঙা টিভিতে প্রচারিত হবে টেলিছবি হানিমুন। এতে অভিনয় করেছেন তিনি।
‘হানিমুন’...
হানিমুন টেলিছবিটি পরিচালনা করেছেন আমিরুল ইসলাম। আমার সঙ্গে আছেন শোয়েব। বিয়ের পর একটি দম্পতি কক্সবাজারে বেড়াতে যায়, তাদের নিয়েই নানান ঘটনার মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়।
কাজ করছি সিনেমায়...
দুটি সিনেমা করেছি। রান আউট সিনেমার কাজ অনেকখানি বাকি আছে। ঈদের পর টানা কাজ করব। ফিল মাই লাভ নামে একটি সিনেমা করেছি, কাজ প্রায় শেষ। একটা গানের কাজ বাকি আছে।
নিজেকে প্রথম দেখব বড় পর্দায়...
খুবই রোমাঞ্চিত। এটা যেকোনো শিল্পীরই একটা বড় স্বপ্ন। চেষ্টা করেছি ভালো কাজ করতে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।
এবার ঈদে আমার নাটকগুলো...
এটিএন বাংলায় প্রচারিত হবে ভেজা পথ আর তুমি যে আমার কবিতা। মাছরাঙায় যাবে সেই সন্ধ্যায়, গাজি টিভির জন্য করেছি অল্প অল্প প্রেম। চ্যানেল নাইনের জন্য করেছি একজন বিখ্যাত ব্যক্তির মৃত্যুর পর। এ ছাড়া বাংলাভিশনে প্রচারিত হবে সালাহউদ্দিন লাভলুর পরিচালিত ছয় পর্বের নাটক জামাই পাগল।
আমার ‘পৃথিবী’...
পৃথিবী আমার ছেলে। ও থাকে কানাডায়। সেখানেই সিক্সথ গ্রেডে পড়ে। প্রায় দেড় মাস ওর সঙ্গে কাটিয়ে কিছুদিন আগেই কানাডা থেকে ফিরলাম।
ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মানি...
অমিতাভ রেজার পরিচালনায় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলাম। এর পর পরই বেশ কিছু কাজের প্রস্তাব পাই। সেদিক থেকে এই বিজ্ঞাপনচিত্রটিকে আমার টার্নিং পয়েন্ট বলা যায়।
ছেলেবেলায় যা হতে চেয়েছিলাম...
একেক সময় একেক ইচ্ছা ছিল। কখনো ডাক্তার, কখনো পাইলট...বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্নগুলো বদলে গেছে।

মো. সাইফুল্লাহ