'স্বপ্নজাল'-এর শুটিং এবার ভিনদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্নজাল ছবির শুটিংয়ে ইয়াশ রোহান ও পরীমনি
স্বপ্নজাল ছবির শুটিংয়ে ইয়াশ রোহান ও পরীমনি

প্রায় সাত মাস পর গিয়াসউদ্দীন সেলিমের স্বপ্নজাল ছবির দ্বিতীয় ধাপের শুটিং শুরু হচ্ছে। ২৬ অক্টোবর থেকে শুটিং হবে ভারতের কলকাতায়। সেই শুটিংয়ে অংশ নিতে ২৫ অক্টোবর কলকাতা যাচ্ছেন ছবির নায়িকা পরীমনি, নায়ক ইয়াশ রোহান, অভিনেত্রী শিল্পী সরকার অপুসহ আরও কয়েকজন শিল্পী।
শুটিংয়ের প্রস্তুতি নিতে আজ মঙ্গলবার কলকাতা রওনা দিচ্ছেন ছবির পরিচালক গিয়াসউদ্দীন সেলিম। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘শুটিংয়ের লোকেশন দেখা থেকে শুরু করে শিল্পীদের পোশাক-আশাকের অনেক প্রস্তুতির ব্যাপার আছে। এ জন্য আগে আগে যাচ্ছি।’
ছবিটির শুটিং প্রসঙ্গে এই পরিচালক বলেন, প্রায় ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। কলকাতার অংশের কাজ শেষ হলে দেশে ফিরে আবারও চাঁদপুরে হবে ছবিটির তৃতীয় ধাপের কাজ।
পরীমনি বলেন, কলকাতা শহরের বিভিন্ন স্থানে হবে স্বপ্নজাল-এর শুটিং, বিশেষ করে উত্তর কলকাতায়। টানা ১০ দিন শুটিং করার কথা ওখানে। এ পর্যন্ত ছবিটির যতটুকু কাজ হয়েছে, ততটুকু নিয়েই রোমাঞ্চিত পরী। তিনি আরও বলেন, ‘যে পরিচালক মনপুরা বানিয়েছেন, সেই পরিচালকের ছবি স্বপ্নজাল। ছবিটি মনপুরাকে ছুঁতে পারবে কি না, জানি না। তবে শুটিংয়ের প্রথম ধাপে টানা ২৪ দিন ধরে যে কাজ হয়েছে, তাতে প্রত্যাশা রাখতেই পারি।’
স্বপ্নজাল ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, ফারহানা মিঠু, ইরেশ যাকের, শাহেদ আলী, সুজয় প্রমুখ।