'স্বপ্নপূরণের পথে হাঁটছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলন
মিলন

মিলন। মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু। এরপর টিভি নাটকে কাজ শুরু করেন। বছর দুয়েক হলো চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। আজ রাতে এটিএন বাংলায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক নির্বিকার মানুষ। নাটকটিতে অভিনয় করছেন মিলন। কথা হলো তাঁর সঙ্গে
সকাল থেকেই আপনাকে ফোনে চেষ্টা করছি কিন্তু ফোনে পাচ্ছি না
আমি উত্তরায় নাটকের শুটিং করছি। যে বাড়িতে আমাদের শুটিং হচ্ছে এখানে মোবাইলের নেটওয়ার্ক থাকে না। যখনই এই বাড়িতে শুটিং করি মোবাইল বিড়ম্বনায় পড়তে হয়।
আপনি না বলেছিলেন, টিভি নাটকে কাজ কমিয়ে দেবেন...
টিভি নাটকে সময় অনেকটাই কম দেওয়া হচ্ছে। এখন আমি চলচ্চিত্রে নিয়মিত কাজ করছি। চলচ্চিত্রের কাজের পর যে সময়টা পাই তা নাটকে ব্যয় করি।
চলচ্চিত্রে নিজেকে কীভাবে দেখতে পাচ্ছেন?
চলচ্চিত্রে আমার পথ একেবারেই পরিষ্কার। শুরুর দিকে কয়েকটি প্রধান চরিত্রের একজন হিসেবে কাজ করেছি। এখন একক নায়ক হয়ে কাজ করছি। নির্মাতারাও আমার ওপর আস্থা রাখতে পারছেন বলে তাঁদের কথাবার্তায় জানতে পারছি। দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণের পথে হাঁটছি।
সামনে আর কোন চলচ্চিত্রের কাজ করছেন?
নতুন দুটি চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে নির্মাতাদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ফ্রেন্ডশিপ ছবির শুটিং শুরু করেছি। এতে আমার বিপরীতে অভিনয় করছেন ববি ও মৌসুমী হামিদ। সামনে শুরু করব টার্গেট সিনেমার শুটিং। এতে আমার সহশিল্পী আইরিন।
প্রথম সিনেমা দেখা...
১০-১১ বছর বয়সে। রায়েরবাজারের মুক্তি সিনেমা হলে প্রথম সিনেমা দেখি। মায়ের সঙ্গে দেখা ছবিটির নাম ছিল ছুটির ঘণ্টা।
আপনার মা কি সিনেমা দেখতে পছন্দ করতেন?
আমার মা দারুণ সিনেমাপ্রেমী। তাঁর পছন্দের নায়ক ফারুক।
আপনার সিনেমা কি আপনার মা প্রেক্ষাগৃহে দেখেছেন?
আমার অভিনীত দেহরক্ষী সিনেমা পরিবারের সবাই মিলে দেখেছে। আমার অভিনয় দেখে মা অনেক প্রশংসা করেছেন। সিনেমা হলের পর্দায় আমাকে হিরো হিসেবে দেখে মা অনেক খুশি হয়েছেন।
আপনি তো একসময় মঞ্চে কাজ করতেন...
১৯৮৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা মঞ্চে কাজ করেছি। আজ আমি যা কিছু করছি তা মঞ্চের কল্যাণে। মঞ্চ আমাকে আত্মবিশ্বাসী করেছে।
আজ নির্বিকার মানুষ নাটকটি দেখানো হবে...
এটি একেবারে অন্য ধরনের একটি নাটক। আমরা প্রায়ই দেখি প্রতিবাদের ভাষা হয় খুব ভয়ংকর। কিন্তু একজন মানুষ ধ্বংসাত্মক পথ বাদ দিয়েও যে প্রতিবাদ করতে পারে তাই নির্বিকার মানুষ নাটকে দেখানো হয়েছে।
মনজুর কাদের