‘স্বপ্ন’র উদ্বোধনে ফেরদৌস
সম্প্রতি উত্তরায় ‘স্বপ্ন’ নামের একটি শুটিং বাড়ির উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস।এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘অভিনয়ের কারণে দেশে-বিদেশে বিভিন্ন শুটিং বাড়িতেই আমার সময় কাটে বেশি। আমি মনে করি, একটি শুটিং বাড়ি মানেই অনেক পরিবারের আশ্রয়স্থল। কাজেই এটির পরিবেশ যত বেশি উন্নত হবে, ততই নাটকে কিংবা চলচ্চিত্রে আমাদের পরিবারগুলো আধুনিকভাবে তুলে ধরা যাবে।’নতুন রূপে চালু হওয়া স্বপ্ন শুটিং বাড়ির অবকাঠামো ও এর ঘরোয়া পারিবারিক পরিবেশের প্রশংসাও করেন ফেরদৌস। তিনি বলেন, ‘চলচ্চিত্র-টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণের ক্ষেত্রে স্বপ্ন শুটিং বাড়ি খুব শিগগির অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’শুটিং বাড়ি স্বপ্নর উদ্বোধনী অনুষ্ঠানে ফেরদৌস ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাতা ও পাক্ষিক ‘আনন্দ আলো’র সম্পাদক রেজানুর রহমান, স্বপ্ন শুটিং বাড়ির পরিচালক আবির খানসহ অভিনয় জগতের আরও অনেকে।এদিকে ফেরদৌস এখন ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটিতে ফেরদৌসের সহশিল্পীরা হলেন শাবনূর ও মৌসুমী। এই ছবির মাধ্যমে বেশ কয়েক বছর পর ফেরদৌস, শাবনূর ও মৌসুমী একই ছবিতে কাজ করছেন।