‘স্বর্গীয় আনন্দ পাই উচ্চাঙ্গসংগীত থেকে’
ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণে সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেলেন পণ্ডিত কুমার বোস ও দেবজ্যোতি বোস। এই দুই ভাইয়ের প্রথমজন তবলার দিকপাল, দ্বিতীয়জন সরোদে সিদ্ধহস্ত। তাঁদের সঙ্গে কথোপকথনের ভিত্তিতেই তৈরি হয়েছে ফিচারটি।পণ্ডিত দেবজ্যোতি বোস বললেন, ‘আমারও শুরুটা হয়েছিল তবলা দিয়ে। অনেকের বাজনা শুনলেই আপনি বুঝবেন, তাঁদের শুরুটা তবলা দিয়ে। যেমন—পণ্ডিত যশরাজ, ওস্তাদ রশীদ খাঁ, ওস্তাদ আমজাদ আলী খান।’২৭ ডিসেম্বর ভারতীয় দূতাবাসে পণ্ডিত দেবজ্যোতি বাজাচ্ছিলেন রাগ লতাঙ্গী, এরপর তুলেছিলেন খাম্বাজ রাগের কিছু ধুন। তাঁর ভাই পণ্ডিত কুমার বোস ছিলেন তবলার সংগতে।সংগীতের শেষে যখন কথা শুরু হলো, তখন দেবজ্যোতি বোস বললেন তাঁর বাবার কথা। হাস্যোচ্ছলেই বললেন, ‘অনেকের বাবা মারা যাওয়ার সময় সন্তানদের জন্য অনেক কিছুই রেখে যান। আমাদের বাবা পণ্ডিত বিশ্বনাথ বোস রেখে গিয়েছিলেন তবলা। এত ভালো বাজত সেই তবলা! বাবা তবলার দিকপাল বেনারস ঘরানার পণ্ডিত কণ্ঠে মহারাজের শিষ্য ছিলেন।’সেতার আর সরোদের তালিম তিনি নিয়েছেন মায়ের কাছে। মা তালিম নিয়েছিলেন ওস্তাদ আলী আকবর খানের কাছে। শিখেছেন ওস্তাদ মোস্তাক আলী খানের কাছেও। দেবজ্যোতি ঘোষ যখন ছাত্র, তখনই দাদা কুমার বোস ওস্তাদ আমজাদ আলী খানের সঙ্গে বাজাতেন। রেওয়াজের সময় ওস্তাদ শুরুতে তবলা বাজাতে বলতেন। একদিন দেবজ্যোতি বলেই ফেললেন, ‘আমি সরোদ শিখতে চাই।’ওস্তাদ বললেন, ‘তুমি আরও শিখে এসো।’এরপর ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত সাধনা, বারবার দিল্লি-কলকাতা করা।ওস্তাদজি বললেন, ‘তুমি পড়াশোনা আর সরোদের মধ্যে কোনটাকে প্রাধান্য দেবে?’দেবজ্যোতি বললেন, ‘সরোদ।’ব্যস, দিল্লিতে ওস্তাদের কাছাকাছি থাকা শুরু হলো। অনেক যত্ন নিয়ে শেখাতেন ওস্তাদ। দেবজ্যোতি বুঝলেন, ওস্তাদের সংস্পর্শে থাকাটা কেন জরুরি। শুধু রেওয়াজের সময়ই নয়, স্টেজে, বাড়িতে, ক্লাসে গল্পের ছলে যে আড্ডা হতো, তাতেই থাকত শিখে নেওয়ার নানা উপাদান। শিখতে শিখতেই একসময় দেবজ্যোতি পেয়ে গেলেন তরুণ শিল্পীদের জন্য সম্মানসূচক হাফিজ আলী খাঁ পুরস্কার।ওস্তাদ দেবজ্যোতি টেলিভিশনের জন্যও কিছু কাজ করেছেন। জি বাংলায় প্রতিবিম্বের সংগীত আয়োজনটি ছিল নজরকাড়া। সে সময় দূরদর্শন, জি বাংলা, জিটিভিসহ আরও কিছু চ্যানেলের জন্য কাজ করেছেন। এখন সময় বের করা কঠিন হয়ে পড়েছে। তবে মুসলমানির গল্প নামে একটি চলচ্চিত্রে করছেন সংগীতের কাজ। সেই ছবিতে শুভমিতা চমৎকার গান করেছেন, এ কথা জানাতেও ভুললেন না।দেবজ্যোতি বোসের সঙ্গে কথা বলার সময় পণ্ডিত কুমার বোস বিশ্রাম নিচ্ছিলেন ওপরের একটি ঘরে। তাঁর কাছে শোনা গেল ছেলেবেলার কথা। তিনিও জানালেন, তবলায় হাতেখড়ি বাবার কাছেই। মা-বাবার অনুপ্রেরণায় বাড়িতে সব সময় চলত গান-বাজনা। শচীন দেব বর্মণসহ বড় বড় শিল্পীর আনাগোনা ছিল বাড়িতে। কঠিন তালিমের মধ্যে থাকতে হতো। বানারস ঘরানার এটা একটা বৈশিষ্ট্য।কুমার বোস জানালেন, এখন ঘরানার ধারণা অনেকটা বদলেছে। আগে ঘরানা ব্যাপারটা ছিল কঠোর। তখন ব্যক্তিই ঘরানাকে এগিয়ে নিয়ে যেত। পৃষ্ঠপোষক রাজা-বাদশারাই ঘরানা নির্ধারণ করে দিতেন। আর এখন রবিশংকর, বিলায়েত খাঁ, শান্তাপ্রসাদ একেকটি আলাদা ঘরানা, নতুন প্রজন্মের চর্চার ক্ষেত্রও সেসব ঘরানায়।বাংলাদেশে উচ্চাঙ্গসংগীত নিয়ে কী ভাবছেন তিনি। জানা নেই যাদের, তাদের জানিয়ে দিই, ওস্তাদ কুমার বোস এর আগেও তিনবার এসেছেন বাংলাদেশ সফরে পণ্ডিত রবিশংকর আর ওস্তাদ বিলায়েত খাঁর সঙ্গে। আগের ভ্রমণগুলোর তুলনায় এবার অনেক বেশি তরুণ শ্রোতার দেখা পেয়েছেন তিনি। অর্থাৎ উচ্চাঙ্গসংগীতের প্রতি আগ্রহ বেড়েছে নতুন প্রজন্মের। ‘এই বাংলাদেশ আলাউদ্দিন খাঁর, আবদুল আলীমের, এই মাটিতেই তো সুর আছে। একটু যত্নবান হলেই অনেক গুণী শিল্পী বেরিয়ে আসবে। এদের শেখার সুযোগ করে দিতে হবে। এই প্রজন্ম হয়তো কিছুটা অস্থির, কিন্তু আমরাও অস্থিরতার মধ্য দিয়েই শিখেছি।’ বললেন কুমার বোস।দাদার কথা কেড়ে নিয়ে দেবজ্যোতি বোস বললেন, এখনকার ছেলেমেয়েদের সুযোগ অনেক বেশি। তারা এখন প্রযুক্তির অনেক কাছাকাছি। এ পেশায় অনিশ্চয়তা বেশি। সেটাও অস্থিরতার কারণ।‘হ্যাঁ, সেটা ঠিক। এর পরও উচ্চাঙ্গসংগীত যারা ভালোবাসছে, তাদের সুযোগ তৈরি করে দেওয়া দরকার। গণমাধ্যম, মা-বাবা—সবারই উচিত ওদের উৎসাহ দেওয়া।’ বললেন কুমার বোস।কুমার বোস ইহুদি মেনুহিন ও পণ্ডিত রবিশংকরের সঙ্গে তাঁদের বিখ্যাত অ্যালবামে বাজিয়েছেন। বেশ কিছু জ্যাজ, রক অ্যালবামেও কাজ করেছেন। সেই অভিজ্ঞতাগুলো স্মরণ করলেন কুমার বোস। বললেন, ‘আমরা তখন ফিউশনের কাজ করেছি। এখন তো অনেক ফিউশন হচ্ছে। আমরা কাজটা করে খুব আনন্দ পেয়েছি। দেবজ্যোতিও এ ধরনের কাজ করেছে।’যোগ করলেন দেবজ্যোতি, ‘এমন তো নয় যে ফিউশন শুধু পাশ্চাত্য আর প্রতীচ্যের মধ্যে হতে হবে। ফোক আর উচ্চাঙ্গেরও তো ফিউশন হতে পারে। আমাদের বাউলসংগীত আর উচ্চাঙ্গসংগীতের সম্মিলন ঘটিয়ে আমি একটি কাজ করেছি—সহজ মার্গ। আমাদের অনেক বাউল সুরের সঙ্গে অনেক রাগের মিল আছে। যেমন—পাহাড়ি। এখন তো উচ্চাঙ্গসংগীত নিয়ে অনেক নিরীক্ষামূলক কাজ হচ্ছে। লক্ষ রাখা দরকার, একেকটি রাগের মূল কাঠামো যেন ঠিক থাকে, নয়তো কিছুদিন পর মূল রাগটাকে আর চেনাই যাবে না।’একটি প্রশ্ন করার লোভ সামলাতে পারি না। বলি, আপনারা দুজনই এত কষ্ট করে উচ্চাঙ্গসংগীতের এ পর্যায়ে এসেছেন। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন শিল্পীর সঙ্গে বাজিয়েছেন। উচ্চাঙ্গসংগীতের কোন দিকটি আপনাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে?দুই ভাইয়ের হয়ে উত্তর দেন পণ্ডিত কুমার বোস, ‘স্বর্গীয় আনন্দ। উচ্চাঙ্গসংগীত সাধনায় স্বর্গীয় আনন্দ লাভ হয়। আমাদের দুজনের মানসিক অবস্থা ভালো নয়। মা অসুস্থ। আইসিইউতে আছেন। কিন্তু বাংলাদেশের শিল্পকলায় সেদিন দুই ভাই যখন একসঙ্গে বাজিয়েছি, তখন সেই সময়টুকুই আমরা দুজন খুব ভালো ছিলাম।’পুনরাবৃত্তি করলেন কুমার বোস, ‘স্বর্গীয় আনন্দ পাই উচ্চাঙ্গসংগীত থেকে।’