'স্বাগত বাংলাদেশে' স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

পার্থিব ব্যান্ডের  চার সদস্য ছবি: খালেদ সরকার
পার্থিব ব্যান্ডের চার সদস্য ছবি: খালেদ সরকার

দুটি তথ্য। এক. সম্প্রতি প্রকাশিত একটি অ্যালবামে গান রয়েছে নয়টি। দুই. সবগুলো গানই ‘বাংলাদেশ’ নিয়ে। দু-তিনটি গান নিয়ে অনলাইনে ডিজিটাল অ্যালবাম প্রকাশের যখন চল শুরু হয়েছে, তখন কিনা রীতিমতো সিডি আকারে অ্যালবাম প্রকাশ করল পার্থিব ব্যান্ড। কী সেই কারণ? সেটি জানতেই সম্প্রতি মুখোমুখি বসা হয়েছিল দলটির সঙ্গে। দলের সদস্যদের সঙ্গে কথা বলে

লিখেছেন হাবিবুল্লাহ সিদ্দিক

‘অ্যালবামের নাম স্বাগত বাংলাদেশে। নামটার মধ্যে আমরা চেষ্টা করেছি বাংলাদেশে আমন্ত্রণ জানানোর ব্যাপারটি। গানের ধরনগুলো এমন। সাজানোও হয়েছে সেভাবেই।’ নতুন অ্যালবাম নিয়ে এভাবেই কথা শুরু করেন ব্যান্ডটির ভোকাল (কণ্ঠশিল্পী) রুমন। তাঁর পাশে বসা রনি, কিবরিয়া, শুভও সায় দিলেন তাতে। শুরুটা অ্যালবামের গল্প দিয়েও হলে সে আড্ডা ডানা মেলল সংগীতের নানান জায়গায়।

পার্থিব শুরু করার গল্পটাও বললেন একজন। ‘আমরা সবাই বিভিন্ন প্রতিযোগিতা থেকে উঠে এসেছি। বলতে পারেন পরীক্ষিত সৈনিক।’ এই পরিক্ষিত সৈনিকেরা এক জায়গায় হয়ে গড়ে তোলেন ব্যান্ড। প্রথম অ্যালবাম বাউন্ডুলে প্রকাশ পায় ২০০৫ সালে। সে বছর আয়োজিত ‘সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এ সেরা ব্যান্ডের পুরস্কার পায় পার্থিব। পরের অ্যালবামটি আসে ২০১১ সালে। তারপর ২০১৪ তে। দুই বছর পর এল নতুন অ্যালবাম স্বাগত বাংলাদেশে।

কথা চলতে থাকল নতুন অ্যালবাম নিয়ে। নয়টি গানের মধ্যে সাতটি লিখেছেন রুমন। একটি লিখেছেন রাসেল ও অচলা। আরেকটি শেহরিন রহমান। এর মধ্যে একটি গান ইংরেজিতে। গানগুলো প্রসঙ্গে ব্যান্ডের বেইজ গিটারিস্ট কিবরিয়া বললেন, ‘আমরা গানের ধারাবাহিকতা এমনভাবে করেছি যে সবার শুনতে শুনতে বাংলাদেশের জন্ম, ভৌগোলিক অবস্থান, প্রকৃতি সম্পর্কে ধারণা পাবেন। একটা পুরো বাংলাদেশে শুনবেন সবাই।’

জানালেন, অ্যালবামে অতিথি গিটারিস্ট হিসেবে বাজিয়েছেন সেলিম হায়দার। তাঁকে নিয়ে খানিকটা উচ্ছ্বসিত ড্রামার শুভ। বললেন, ‘তাঁর মতো গিটারিস্ট আমাদের দলে বাজানো মানে আমাদের অনেক বড় পাওয়া।’

নিয়মিত দলটি অনুশীলন করে ধানমন্ডিতে। ‘কফি হাউসের আড্ডা’মতো সারা দিন কাজ শেষে সন্ধ্যা হলেই টপাটপ হাজির হয় স্টুডিওতে। মধ্যরাত অবধি চলে অনুশীলন। যার প্রতিফলন ঘটে অ্যালবামে, গানে।

আড্ডা শেষ করার আগে আগে কি-বোর্ডিস্ট রনি বললেন, ‘ইউটিউবে আমাদের দুটি গানের ভিডিও আছে। সময় পেলে দেখবেন। খারাপ লাগবে না।’

খারাপ লাগবে না বলে গ্যারান্টি দিলেন রনি। কিন্তু দেখতে গিয়ে নতুন বাংলাদেশকে আবিষ্কার করা যায়। যে বাংলাদেশে অনায়াসে স্বাগত জানানো যায়। জানানো যায় অভিবাদনও।