'স্যারের কথা মনে পড়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ

আমার বাসার দেয়ালে হুমায়ূন আহমেদ স্যারের ছবি টাঙানো। ছবিটি স্যার আমাকে দিয়েছিলেন। এই মেঘ এই রৌদ্র ধারাবাহিকের শুটিং করার সময়ের ছবি। সকালবেলা বাসা থেকে যখন বের হই, স্যারের ছবির দিকে চোখ পড়ে। গভীর রাতে যখন বাসায় ফিরি, তখনো স্যারের ছবি দেখি। চেম্বারে যে চেয়ারে বসে রোগী দেখি, সেই চেয়ারেও আছে স্যারের স্পর্শ। স্যার একদিন চেয়ারটিতে বসেছিলেন। চেম্বারে ঢুকে চেয়ারের দিকে তাকাতেই স্যারের কথা মনে পড়ে। যখন শুটিং করি, তখন কোনো না কোনো কারণে, কোনো না কোনো সময় স্যারের কথা মনে পড়েই।
কয়েক বছর আগের কথা। শ্যামল ছায়া ছবির কাজ শেষ হয়েছে। নুহাশপল্লীর বৈঠকঘরে স্যার শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ছবির বিষয়ে আলাপ করছিলেন। তিনি সবাইকে প্রশ্ন করলেন, ‘বলো তো, এই ছবির সেরা দৃশ্য কোনটি?’ অনেকে অনেক দৃশ্যের কথাই বলেছিল। সঠিক উত্তর একটাও হয়নি। শেষে স্যার দিয়েছিলেন উত্তর। বলেছিলেন, ‘ছবির শেষ দিকে, ট্রলারের ছাদে দাঁড়িয়ে ডাক্তার আর ফারুক (ট্রলারের দুই চালক) বাংলাদেশের পতাকা দেখতে পেয়ে চোখের পানিতে পতাকাকে স্যালুট করছিল, সেটিই হচ্ছে ছবির সেরা দৃশ্য।’
আমার অভ্যাস ছিল, যেকোনো দৃশ্যে গ্রহণ শেষে আমি স্যারের দিকে চুপিসারে একটু তাকাতাম। দেখলাম, স্যারের চোখে পানি। তিনি হাত দিয়ে চোখ মুছছেন। বুঝে নিলাম, বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের দুঃখ-আনন্দের স্মৃতি তাঁকে কাঁদিয়েছে।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। স্যারের প্রতিষ্ঠিত অসাধারণ একটি শিক্ষাপ্রতিষ্ঠান। একেবারেই প্রত্যন্ত গ্রামে অবস্থিত। স্যার মাঝেমধ্যেই তাঁর ঘনিষ্ঠজনদের নিয়ে স্কুল পরিদর্শনে যেতেন। একবার ফ্রি মেডিকেল ক্যাম্প করা হলো। বিনা মূল্যে স্কুলের দরিদ্র ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সবাইকে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হলো। সকাল থেকে রোগী দেখছিলাম। দুপুরে সবাই খেতে বসলেন, আমি সময় পাচ্ছিলাম না রোগী শেষ না হওয়ায়। স্যার বারবার খবর দিচ্ছিলেন। রোগী শেষ করে সবার শেষে খেতে বসলাম। হঠাৎ স্যার এসে নিজ হাতে আমার পাতে দুই চামচ (অনেক বড় চামচ ছিল) মাংস তুলে দিলেন। আমি বিনীতভাবে বলেছিলাম, ‘এত খেতে পারব না, স্যার।’ স্যার তখন আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, ‘খাও ডাক্তার, অনেক পরিশ্রম হয়েছে তোমার।’
আমার চেম্বারে যখন বেশি বয়সের রোগী আসেন (কদিন আগে ১১৫ বছর বয়সের একজন রোগী দেখেছি), তখনই আমার স্যারের কথা মনে পড়ে। কত মানুষ পৃথিবীতে শতায়ু নিয়ে বেঁচে আছেন, আমার স্যার কেন বেশি দিন বাঁচলেন না! দেশের জন্য যার এত মায়া, মানুষের জন্য যার এত মমতা, তিনি কেন আমাদের মধ্যে আরও বেশি দিন থাকলেন না! আহা রে!