‘স্যুটকেস নিয়েই মহড়ায় বসে পড়েছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদি মহম্মদ। রবীন্দ্রসংগীতশিল্পী। আজ দুপুরে চ্যানেল আইয়ে ‘ঘরে ঘরে গানের উৎসব’ অনুষ্ঠানে গান করবেন তিনি। সঙ্গে থাকবেন লিলি ইসলাম।রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীকে ঘিরে আমার ব্যস্ততা...প্রচণ্ড ব্যস্ত সময় কাটছে। বিটিভি, এটিএন বাংলা, চ্যানেল আই, এসএ টিভি, বাংলাভিশনসহ প্রায় সবগুলো চ্যানেলেই অনুষ্ঠান করব। একুশে টিভিতে ফোনোলাইভ করব। কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনাও করছি। আমার গানের দল রবিরাগকে সঙ্গে নিয়েও গান করব।আমার উপস্থাপনা প্রসঙ্গে...গান গাওয়ার সময় টেনশন কাজ করে, গানটি যেন ঠিকভাবে হয়। কিন্তু উপস্থাপনা নিয়ে কখনো দুশ্চিন্তা হয় না। একভাবে না একভাবে হয়েই যায়।বেঙ্গল ফাউন্ডেশন থেকে অ্যালবাম প্রকাশিত হচ্ছে...অ্যালবামের নাম এখনো ঠিক হয়নি। কাজ শুরু করেছি। বাইশে শ্রাবণ প্রকাশ করার ইচ্ছা আছে।রবীন্দ্রসংগীতের তরুণ শিল্পীদের উদ্দেশে...গানটি যেন ভালোভাবে শিখে তারপর গায়। গানের ভেতরের বক্তব্যটা বুঝতে হবে। নিয়মিত রেওয়াজ করা চাই।শান্তিনিকেতনে আমার প্রথম দিন...আমার প্রথম দিনটাই বেশ অন্য রকম ছিল, আর খুব রোমাঞ্চকর ছিল। সেদিন ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠানের মহড়া চলছিল। আমি রিকশা থেকে নেমে স্যুটকেস সঙ্গে নিয়েই মহড়ায় বসে পড়েছিলাম। সেখানে মোহরদি (কণিকা বন্দ্যোপাধ্যায়) ছিলেন, তিনিও আমাকে সাদরে গ্রহণ করেছিলেন।মন ভালো করে দেওয়া গান...রবীন্দ্রনাথের সবগুলো গানই ভালো লাগে। তবে এখনকার পরিস্থিতিতে একটি গান বেশি ভালো লাগে—‘বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়’।রবীন্দ্রসংগীতে আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহারকে যেভাবে দেখি...আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহারকে আমি খারাপ চোখে দেখি না। কিন্তু একটা ব্যাপারের আমি খুব বিরোধী, বাদ্যযন্ত্র যেন গানকে ছাপিয়ে না যায়। গানের কাব্যটা ঠিক রাখতে হবে। যে কারণে রবীন্দ্রনাথের গান কখনো পুরোনো হয় না...এটা আসলে কোনোভাবে ব্যাখ্যা করা যাবে না। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, ‘যত দিন বাঙালি থাকবে, তত দিন আমার গান বেঁচে থাকবে।’ তিনি কিন্তু এ কথা অহম নিয়ে বলেননি। প্রচণ্ড আত্মবিশ্বাস থেকে বলেছেন। মো. সাইফুল্লাহ