
শামীম জামান। অভিনয়শিল্পী, পরিচালনাও করছেন। আরটিভিতে শুরু হলো ধারাবাহিক নাটক তিন তালা তিন চাবি। অভিনয়ের পাশাপাশি নাটকটি তিনি পরিচালনাও করেছেন।
তিন তালা তিন চাবি...
নাটকের গল্প একটি স্যুটকেস নিয়ে। তিন বন্ধু ঘটনাক্রমে এক কোটি টাকা পায়। টাকাটা ছিল একটি স্যুটকেসে। সেটিতে ওরা তিনটি তালা লাগিয়ে রাখে। তিনটি তালার চাবি থাকে তিনজনের কাছে। আর তা নিয়ে ঘটতে থাকে মজার মজার ঘটনা।
নাটকের পেছনের কথা...
হাস্যরসের মধ্য দিয়ে আমরা সমাজের কিছু অসংগতির কথা বলেছি। নাটকে ভিক্ষুকদের কিছু কাজ আছে। ভিক্ষুকদের নিয়ে কাজ করতে গিয়ে তাঁদের জীবনটা কাছ থেকে দেখেছি।
ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে...
দুটিই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। যেহেতু বহুদিন ধরে মঞ্চে কাজ করছি, তাই অভিনয়ের প্রতি ভালোবাসা তো আছেই। আবার পর্দার পেছনের দলটির সঙ্গে কাজ করার মজাও অন্য রকম।
পরিচালক হিসেবে অনুপ্রেরণা...
অবশ্যই সালাহউদ্দিন লাভলু। এ ছাড়া বন্ধু মোশাররফ করিম, আ খ ম হাসানও সব সময় অনুপ্রেরণা দিয়েছেন।
আসছে ঈদের নাটক...
কোরবানির ঈদের জন্য পাঁচটি নাটক পরিচালনা করছি—সিঁধেল চোর, বউচোর, ফলস আইটেম, সার্টিফিকেট এবং দোস্ত। নিজের নাটকের পাশাপাশি অন্য পরিচালকের নাটকেও অভিনয় করছি।
অভিনয়ের পোকা...
সেই ছোটবেলায় মাথায় ঢুকেছে। বাবার সঙ্গে যাত্রা দেখতে যেতাম। তখন রবীন্দ্রনাথের ফটিক চরিত্রে অভিনয় করেছিলাম। ঢাকায় এসে যখন মঞ্চে কাজ শুরু করলাম, মনে হলো, এত দিন যা কাজ করেছি, তার কিছুই তো হয়নি! মঞ্চের অনুভূতি আর শিক্ষাটা একেবারেই আলাদা।
মো. সাইফুল্লাহ