‘স্যুপ কুক’ অপি করিম
‘পড়াশোনার জন্য আমি আড়াই বছর জার্মানিতে ছিলাম। আমার কয়েকজন চীনা বন্ধু ছিলেন। তাঁদের অন্যতম খাবার হলো স্যুপ। নানা ধরনের স্যুপ তৈরি করতে পারেন তাঁরা। আমিও তাঁদের কাছ থেকেই স্যুপ তৈরি শিখেছি। ওই সময় প্রায় প্রতিদিনই স্যুপ খেয়েছি। মজার ব্যাপার হলো, এবার আমি শুধু স্যুপ তৈরির ওপর একটি অনুষ্ঠান করছি।’ বললেন অপি করিম। পবিত্র রমজানে ৩০ দিন বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে স্যুপ তৈরির ওপর অনুষ্ঠান। নাম এখনো চূড়ান্ত হয়নি। ইউনিলিভারের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন শাহরিয়ার শাকিল। অপি আরও বললেন, ‘দু-একটি রান্নার অনুষ্ঠানে আমি অতিথি হয়েছি। কিন্তু নিজে কখনো রান্নার অনুষ্ঠান করব, তা একবারও ভাবিনি। কিন্তু শাহরিয়ার শাকিল আর তাঁর স্ত্রী দিয়ার অনুরোধে কীভাবে যেন রাজি হয়ে গেলাম। তবে অনুষ্ঠানের ভাবনাটা চমৎকার। ৩০ দিনে ৩০ রকম স্যুপ তৈরি করব।’কোনো সেট তৈরি করে নয়, ধানমন্ডিতে দিয়া’স কিচেনে অনুষ্ঠানটির শুটিং হবে। অপি বললেন, ‘তাই পরিবেশটাও চমৎকার। আর একটি কথা বলে রাখি, আমাদের তৈরি স্যুপগুলো যে কেউ বাসায় তৈরি করতে পারবেন। স্বাদে ও গুণে তা হবে অনন্য।’