‘হাই সোসাইটি’তে বাঁধন
‘হাই সোসাইটি’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকে অভিনয় করছেন লাক্স তারকা আজমেরী হক বাঁধন।মির্জা রাকিবের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করছেন মাঈনুল ইসলাম। রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি শুটিংবাড়িতে নিয়মিতভাবে নাটকটির শুটিংয়ে অংশ নিচ্ছেন বাঁধন।মা হওয়ার পর এটি বাঁধনের দ্বিতীয় ধারাবাহিক নাটক। পারিবারিক গল্পের এই নাটকে বাঁধন অভিনয় করছেন ছোট বউয়ের চরিত্রে। আর বড় বউ ও শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে ফারজানা ছবি ও দিতি।বাঁধন বলেন, ‘আবার ধারাবাহিক নাটকে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি। তবে যেনতেন কোনো নাটকে নয়। ভালো গল্পের নাটকেই অভিনয় করছি।’ হাই সোসাইটি নাটক সম্পর্কে বাঁধন বলেন, ‘একটি যৌথ পরিবারের চলমান বিভিন্ন ঘটনাই হচ্ছে হাই সোসাইটির গল্প।’ হাই সোসাইটি ছাড়াও বাঁধন অভিনয় করছেন আকাশ মেঘে ঢাকা শিরোনামের আরেকটি ধারাবাহিক নাটকে। জুয়েল মাহমুদ পরিচালিত নাটকটি এসএ টিভিতে প্রচারিত হচ্ছে। বাঁধন জানান, ‘আমার মেয়ে সায়রার বয়স এখন এক বছর পেরিয়েছে। ও এখন আমার মায়ের কাছেই থাকছে। আর তাই ধারাবাহিক নাটকে অভিনয় করতে পারছি।’