‘হাউজফুল’ নিয়ে ফিরছেন আলমগীর
৬ জুলাই থেকে মাছরাঙার পর্দায় আসছে সিনেমা-বিষয়ক গেম শো হাউজফুল। গত বছরের মতো এবারও হাউজফুল উপস্থাপনা করছেন বাংলাদেশের চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা আলমগীর।হাউজফুল অনুষ্ঠানের প্রচার উপলক্ষে গতকাল বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনায়েম, হাউজফুল অনুষ্ঠানের উপস্থাপক চিত্রনায়ক আলমগীর, মাছরাঙা টেলিভিশনের হেড অব ইভেন্টস অ্যান্ড প্ল্যানিং কবির বকুল, অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্টের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলমগীর কবির, প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কান্তি কুমার সাহা, সি গাল হোটেলের মার্কেটিং ডিরেক্টর রাশেদ সাত্তার প্রমুখ।সংবাদ সম্মেলনে অতিথিরা অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন।জানা গেছে, এবারের হাউজফুলের প্রতিটি পর্বে বিশেষ অতিথি হিসেবে আসবেন চলচ্চিত্রের খ্যাতিমান ও জনপ্রিয় ব্যক্তিত্বরা। একই সঙ্গে সদ্য মুক্তিপ্রাপ্ত কিংবা মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রের পুরো ইউনিটকে আমন্ত্রণ জানানো হবে। চমক হিসেবে তাঁরা অনুষ্ঠানের একপর্যায়ে এসে হাজির হবেন।মাছরাঙা টেলিভিশন সূত্রে আরও জানা গেছে, হাউজফুল অনুষ্ঠানের এবার প্রতিটি পর্বে প্রতিযোগীরা চারটি রাউন্ডে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন। লাইট, ক্যামেরা, প্লেব্যাক এবং ক্লাইমেক্স—এই চারটি বিভাগের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে প্রতিযোগীদের দ্বিতীয় রাউন্ডে উঠতে হবে। এরপর ধাপে ধাপে বিভিন্ন রাউন্ড শেষে সেরা ছয়জন প্রতিযোগীকে নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সেখানেই নির্ধারিত হবে কে পাবেন সেই গাড়িটি।কবির বকুলের সার্বিক তত্ত্বাবধানে ‘ক্রাউন সিমেন্ট হাউজফুল’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।