‘হাঙ্গার গেমস’ জিতল ৪ পুরস্কার
‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন-পার্ট ১’ এবং ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোস: পার্ট ২’-এর মতো ছবিগুলোকে টপকে এবারের এমটিভি মুভি অ্যাওয়ার্ডস আসর থেকে সবচেয়ে বেশিসংখ্যক বিভাগের পুরস্কার ঝুলিতে ভরেছে ‘দ্য হাঙ্গার গেমস’। সেরা অভিনেতা-অভিনেত্রীসহ মোট চারটি বিভাগে পুরস্কার জিতেছে সায়েন্স ফিকশনধর্মী এ ছবিটি।অবশ্য সেরা ছবির পুরস্কারটি বগলদাবা করেছে ‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন-পার্ট ১’। এই নিয়ে টানা চার বছর এমটিভি মুভি অ্যাওয়ার্ডস আসর থেকে সেরা ছবির স্বীকৃতি পেল ‘টোয়াইলাইট’ সিরিজের চারটি ছবি।‘হাঙ্গার গেমস’ ছবিতে ভালো অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেতা এবং অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন জস হাচারসন ও জেনিফার লরেন্স। এ ছাড়া বেস্ট অন-স্ক্রিন ট্রান্সফরমেশন ও ফাইট বিভাগেও পুরস্কার জিতেছে ছবিটি। এক খবরে এমনটিই জানিয়েছেন রয়টার্স।‘টোয়াইলাইট’, ‘হ্যারি পটার’ ও ‘ব্রাইডসমেইডস’ ছবিগুলোর প্রতিটিই দুটি বিভাগে পুরস্কার জিতেছে। সেরা ছবি ছাড়াও বেস্ট কিস বিভাগে পুরস্কার জিতেছে ‘টোয়াইলাইট’। অন্যদিকে বেস্ট কাস্ট এবং হিরো বিভাগে পুরস্কার ঝুলিতে ভরেছে ‘হ্যারি পটার’। ‘ব্রাইডসমেইডস’ ছবির জন্য সেরা কৌতুক-শিল্পীর স্বীকৃতি পেয়েছেন মেলিসা ম্যাকার্থি। বেস্ট গাট-রেচিং পারফর্মেন্স বিভাগেও পুরস্কার জিতেছে ছবিটি।আজীবন সম্মাননা পেয়েছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ। এ ছাড়া বিভিন্ন বিভাগে আরও পুরস্কার জিতেছেন ‘দ্য ডিসেন্ড্যান্টস’ তারকা শেইলিন উডলি, ‘স্পাইডার ম্যান’ অভিনেত্রী এমা স্টোন, ‘হরেব্যল বসেস’ অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন প্রমুখ।