‘হাঙ্গার গেমস’ সিক্যুয়েলে প্যাটিনসন থাকছেন না
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর রটেছে, ‘হাঙ্গার গেমস’ ছবির সিক্যুয়েলে নাকি অভিনয় করবেন ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। তবে বিষয়টিকে তিনি স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। এই অভিনেতা নিশ্চিত করেছেন, ‘হাঙ্গার গেমস’ সিক্যুয়েলে তাঁকে দেখা যাবে না।এ প্রসঙ্গে প্যাটিনসনের উদ্ধৃতি দিয়ে হলিউডডটকম জানিয়েছে, ‘শুনেছি, আমি নাকি হাঙ্গার গেমস ছবির সিক্যুয়েলে অভিনয় করব। খবরটি সত্য নয়। আমাকে কিংবা আমার প্রতিনিধিকে এ ধরনের কাজের কোনো প্রস্তাবই দেওয়া হয়নি। আমার মনে হয়, পত্রিকার কাটতি বাড়াতে ছল-চাতুরীর আশ্রয় নিয়ে এমন খবর প্রকাশ করা হয়েছে।’উল্লেখ্য, ‘দ্য হাঙ্গার গেমস’ মুক্তি পেয়েছে এ বছরের মার্চে। একই শিরোনামের উপন্যাস অবলম্বনে সায়েন্স ফিকশনধর্মী ছবিটি পরিচালনা করেছেন গ্যারি রস। শুটিং চলাকালেই গত বছরের আগস্টে এর সিক্যুয়েল তৈরির ঘোষণা দিয়েছিল ছবিটির পরিবেশক সংস্থা লায়ন্সগেট। ২০১৩ সালের ২২ নভেম্বর সিক্যুয়েলটি মুক্তি পাবে বলেও জানানো হয়। সম্প্রতি ছবিটির নাম ঘোষণা করা হয়েছে ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’।