‘হাজার বছর ধরে’ ছবির জন্য শুভেচ্ছা সনদ পেলেন সুচন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার বছর ধরে ছবি নির্মাণের জন্য প্রশংসাসূচক শুভেচ্ছাসনদ পেয়েছেন সুচন্দা। জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে সুচন্দা কয়েক বছর আগে ছবিটি নির্মাণ করেছিলেন। সরকারি অনুদানে নির্মিত এ ছবিটির জন্য সুচন্দা এর আগে দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক পুরস্কার পেয়েছেন। এবার ছবিটি প্রদর্শিত হয়েছে আমেরিকার ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটিতে। সেখানকার জ্যোতির্বিজ্ঞান বিভাগের একটি প্রতিনিধিদল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা উপলক্ষে বাংলাদেশের ছবি হাজার বছর ধরে সংগ্রহ করে। ছবিটি দেখার পর তারা মুগ্ধ হয়ে এর প্রশংসা করে।সোমবার সন্ধ্যায় সুচন্দা তাঁর নিজ বাসায় সাংবাদিকদের ডেকে আনন্দের এ সংবাদটি জানান। তিনি বলেন, ‘আমেরিকানরা যে আমাদের ছবি দেখে প্রশংসা করবে এবং আমাকে শুভেচ্ছা সনদ দেবে, সেটা ভাবতেই ভালো লাগছে।’ সুচন্দা শুভেচ্ছা সনদটি সবাইকে দেখিয়ে বলেন, ‘জহির রায়হানের হাজার বছর ধরে ছবিটি নির্মাণ করেছিলাম একটি স্বপ্ন নিয়ে। ছবিটি যাঁরাই দেখেছেন, তাঁরাই প্রশংসা করেছেন। রাষ্ট্র ও সমাজ উদ্যোগ নিলে এ ছবিটি বড় বড় চলচ্চিত্র উৎসবে পাঠাতে পারত। কিন্তু সে উদ্যোগটি আমি কারও মধ্যে দেখিনি। তার পরও ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটিতে যে ছবিটি প্রদর্শন করা হয়েছে, তাতেই আমি খুশি।’হাজার বছর ধরে ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, শশী, এ টি এম শামসুজ্জামানসহ অনেকে।