
কেমন আছেন?
বুঝতে পারছি না। কারণ, বুঝব কখন? দম ফেলার সময় পাচ্ছি না।
কী নিয়ে এত ব্যস্ত?
নাটক, নাটক আর নাটক। এই যে এখন উত্তরার চার নম্বর সেক্টরে রেললাইনের পাশে কাজ করছি। এত গরম, কিন্তু তা ভাবলে তো চলবে না। হাতে একদম সময় নেই। অনেকের সঙ্গে কথা হয়েছে। সবাইকে সময় দিয়ে রেখেছি। ঈদের কাজ, পাশাপাশি যে ধারাবাহিকগুলো চলছে, সেগুলোর কাজও করছি। সকাল থেকে রাত পর্যন্ত আমার নিজের জন্য এতটুক সময় অবশিষ্ট নেই।
রেললাইনের পাশে কী কাজ করছেন?
‘সিকান্দর বক্স’ চরিত্র নিয়ে সাগর জাহান এর আগে ছয়টি ধারাবাহিক তৈরি করেছেন। দর্শক এই নাটকগুলো দারুণ পছন্দ করেছে। সবকটিতেই আমি অভিনয় করেছি। এবার করছি সাত নম্বরটি। নাম সিকান্দর বক্সের হাওয়াই গাড়ি। এবারও আমার সঙ্গে আছেন তিশা।
ঈদের জন্য এখন আর কী কাজ করছেন?
মারুফ মিঠুর চাখোর নাটকের জন্য ‘মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০১৩’ পেয়েছি। মিঠু এবার তৈরি করছেন ঝালখোর । প্রচুর ঝাল খেতে হবে! ভাবতেই ভয় পাচ্ছি। এ ছাড়া রতন রিপনের সাত পর্বের নাটক তিন বেকারের কর্মশালা আর সালাহউদ্দিন লাভলুর ছয় পর্বের নাটক লায়েক চাঁন দ্য গ্রেট-এর কাজ শেষ। এক ঘণ্টার আর টেলিছবির কাজ তো আছেই।
আজ ‘পরিবার করি কল্পনা’ নাটকটি দেখানো হবে।
ধারাবাহিকটি দুজন পরিচালনা করছেন, রেদওয়ান রনি ও পল্লব বিশ্বাস। অন্য রকম একটি চরিত্রে অভিনয় করছি। সব সময় মোহ আমাকে আচ্ছন করে রাখে। নিজের তৈরি একটা জগতের মাঝে থাকতে পছন্দ করি। ভালোই। যাঁরা দেখেছেন, তাঁদের অনেকেই প্রশংসা করেছেন।