‘হানিমুন’ নিয়ে তাহসান-মিথিলা
নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন সংগীতশিল্পী ও সুরকার তাহসান এবং তাঁর স্ত্রী অভিনয়শিল্পী ও গায়িকা মিথিলা। তাঁদের দুজনকে এবার দর্শক দেখতে পাবে উপস্থাপক হিসেবে। চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য নির্মিত অনুষ্ঠানটির নাম ‘হানিমুন’।ঈদ উপলক্ষে নির্মিত ‘হানিমুন’-এর বিশেষ পর্বে অংশ নিয়েছেন তারকা দম্পতি মোশাররফ করিম ও তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই, পরিচালক এজাজ মুন্না ও তাঁর স্ত্রী জাকিয়া বারী মম, অভিনয়শিল্পী দিহান ও তাঁর স্বামী এবং ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন ও তাঁর স্ত্রী।তাহসান বলেন, ‘অনুষ্ঠানটি তারকা দম্পতিদের নিয়ে। তাঁদের নিয়ে বিভিন্ন মজার আর বিনোদনমূলক গেম শোর আয়োজন করা হয়েছে। বিজয়ীদের দেওয়া হবে উপহার এবং বেড়ানোর জন্য একটি হানিমুন প্যাকেজ।’তাহসান আরও বলেন, ‘এর আগে মঞ্চে কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি; তবে টিভির জন্য করা হয়নি। সেদিক থেকে এটি আমার জন্য রোমাঞ্চকর।’হাসনাইন খুরশীদের পরিকল্পনায় ‘হানিমুন’ অনুষ্ঠানের প্রযোজক শাহ আমীর খসরু। এ অনুষ্ঠানের বিশেষ পর্বটি প্রচারিত হবে আগামীকাল শুক্রবার রাত আটটা পাঁচ মিনিটে।