'হামিদুর রাহমান পুরস্কার' পাচ্ছেন মুর্তজা বশীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুর্তজা বশীর
মুর্তজা বশীর

কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপত্য নকশার প্রধান রূপকার ও আধুনিক শিল্প আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হামিদুর রাহমানের স্মৃতি রক্ষার্থে ২০০৭ সাল থেকে তাঁর পরিবারের পক্ষ থেকে ‘হামিদুর রাহমান পুরস্কার’ প্রবর্তন করা হয়েছে। ২০১৫ সালের ‘হামিদুর রাহমান পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছেন বরেণ্য শিল্পী মুর্তজা বশীর। এ পুরস্কার প্রদানের সার্বিক ব্যবস্থা ও পরিচালনার দায়িত্বে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।
শনিবার ২৭ আগস্ট বিকেল পাঁচটায় ছায়ানট মিলনায়তনে শিল্পী মুর্তজা বশীরের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। বেঙ্গল ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, এ অনুষ্ঠানে অতিথি থাকবেন বরেণ্য শিল্পী রফিকুন নবী, শিল্পী মাহমুদুল হক ও পারভীন আহমদ। অনুষ্ঠানে ২০০৫ সালে নির্মিত, বেঙ্গল ফাউন্ডেশন প্রযোজিত ও সৈয়দ তানভীর আহমেদ এবং পল জেমস গোমেজ পরিচালিত ‘মুর্তজা বশীর : শিল্প অন্বেষার ৫৫ বছর’ শীর্ষক প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে।
শিল্পী মুর্তজা বশীর ঢাকায় জন্মগ্রহণ করেন ১৯৩২ সালে। ১৯৫৪ সালে গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস থেকে প্রথম বিভাগে পাস করেন। ১৯৫৬-৫৮ সাল পর্যন্ত আকাদেমিয়া দ্য বেলি­ আর্টি, ফ্লোরেন্সে অধ্যয়ন করেন। একক প্রদর্শনী করেছেন ১৮টি। ১৯৮০ সালে একুশে পদক লাভ করেন।
প্রসঙ্গত, এর আগে শিল্পী মনিরুল ইসলাম ২০০৭ সালে, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর ২০১১ সালে এবং শিল্পী রফিকুন নবী ২০১৩ সালের ‘হামিদুর রাহমান পুরস্কার’ পেয়েছেন।