'হামিদুর রাহমান পুরস্কার' প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সমকালীন চিত্রকলার ভুবনে শিল্পী রফিকুন নবী অগ্রগণ্য শিল্পীদের অন্যতম। বাস্তবধর্মিতা তাঁর সৃষ্টির বিশেষ বৈশিষ্ট্য। জীবনের নানা অনুষঙ্গ তিনি সন্ধান করেছেন নদী, নিসর্গ ও সাধারণ মানুষের জীবনসংগ্রামকে উপলব্ধি করে। বাস্তববাদী চেতনায় তাঁর শিল্পিত মানস ঋদ্ধ হলেও রফিকুন নবীর সৃষ্টিতে নিরীক্ষার ছাপও স্পষ্ট। বিশেষ খ্যাতি অর্জন করেছেন ‘রনবী’ নামে কার্টুন এঁকে। ‘টোকাই’-চরিত্রের সৃষ্টি তাঁর বিশেষ কীর্তি। শিল্পী অর্জন করেছেন দেশ-বিদেশের নানা পুরস্কার। গতকাল শনিবার পেলেন ‘হামিদুর রাহমান পুরস্কার’। বিকেলে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
পঞ্চাশ ও ষাটের দশকের কীর্তিমান শিল্পী, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপত্য-নকশার প্রধান রূপকার হামিদুর রাহমানের স্মৃতি রক্ষার্থে তাঁর পরিবার ২০০৭ সাল থেকে এই পুরস্কার প্রবর্তন করে। এ পুরস্কার প্রদানের সার্বিক ব্যবস্থা ও পরিচালনার দায়িত্বে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। ২০১৩ সালের ‘হামিদুর রাহমান পুরস্কার’-এর জন্য শিল্পী রফিকুন নবীর হাতে পুরস্কার তুলে দেন শিক্ষাবিদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী ও শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। বক্তব্য দেন রফিকুন নবী, পারভীন আহমদ এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

জাতীয় সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বাংলাদেশ শিল্পকলা একাডেমী রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে সব অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীত, আবৃত্তি, অভিনয়, রচনা ও চিত্রাঙ্কন বিভাগে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে গতকাল একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে একাডেমী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।

নাজমুলের প্রাচ্যরীতির শিল্পকলা
পদ্ম ফোটা পুকুর, নিবিড় বাঁশবন, বিলের জ্বলজ্বল উদ্ভিদের ভিড়ে মাছের আশায় ধ্যানমগ্ন হয়ে থাকা বক, বসন্তে ফুলে ফুলে ভরা শাখার পাশে বসে থাকা হলুদ রঙের পাখি—বাংলার চিরন্তন এসব রূপমাধুরী তুলে ধরেছেন তরুণ শিল্পী নাজমুল হক তাঁর কাজে। গতকাল ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে ‘ওরিয়েন্টাল লাইফ’ নামের তাঁর চতুর্থ একক শিল্পকর্ম প্রদর্শনী।
সন্ধ্যায় বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জুন প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রদর্শনীতে জলরং ও অ্যাক্রিলিকের ৫০টি শিল্পকর্ম রয়েছে। সব কটি কাজই প্রাচ্যকলা রীতির। শিল্পী প্রাচ্যকলা বিভাগ থেকেই এমএফএ ডিগ্রি নিয়েছেন। প্রদর্শনীতে জানানো হয়, তিনি চীনে যাচ্ছেন স্নাতকোত্তর শিক্ষার জন্য। নিসর্গের সৌন্দর্যের পাশাপাশি তিনি শিশু, নারী, ধাবমান ঘোড়া, দেশের ঐতিহ্যবাহী প্রাচীন টেরাকোটার চিত্রও তাঁর নিজস্ব অঙ্কনশৈলীতে তুলে ধরেছেন। প্রদর্শনী ২৭ মে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।