'হারজিৎ'-এ মাহির জুটি সজল

সজলের প্রথম ছবি ছিল ‘রানআউট’। মৌসুমীর বিপরীতে অভিনয় করেছিলেন এই ছবিতে। প্রেক্ষাগৃহে মুক্তিও মিলেছে ছবিটির। বাণিজ্যিক ধারার আরও একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার এই তারকা। নাম ‘হারজিৎ’। তবে পরিচালক বদিউল আলম খোকন জানিয়েছেন, এ ছবির নাম পরিবর্তন হতে পারে। এ ছবিতে সজল জুটি গড়ছেন হালের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির সঙ্গে।
‘হারজিৎ’ ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করছেন বলেই জানিয়েছেন সজল। তিনি বলেছেন, ‘ছবিতে নাচ, গান, ফাইট (মারপিট)—সবই আছে। এগুলোর প্রশিক্ষণ নিচ্ছি।’
তবে এ ছবিতে অভিনয়ের বিষয়টিকে চলচ্চিত্রে তাঁর যাত্রার প্রাথমিক অবস্থাতে বেশ গুরুত্বসহকারেই নিয়েছেন তিনি।
সজল বলেন, ‘বদিউল আলম খোকন একজন গুণী নির্মাতা। তাঁর কাছ থেকে কাজ শেখার সুযোগ পেলাম। মাহির সঙ্গেও কাজের মধ্য দিয়ে নতুন রসায়ন তৈরির সুযোগ হবে।’
এ বিষয়ে মাহিয়া মাহি বলেছেন, ‘আগে থেকেই ছোটপর্দার জনপ্রিয় তারকা সজল। দুজন মিলে এ কাজটিতে নতুন অভিজ্ঞতা হবে।’
পরিচালক এখনই ছবির গল্পের বিষয়টি খোলাসা করতে চাননি। তবে তিনি জানিয়েছেন প্রেম ও সংঘাতের ছবি হবে এটি।
ছবিটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, অরুণা বিশ্বাস প্রমুখ।
পরিচালক বদিউল আলম খোকন এ-ও জানিয়েছেন, আগামী মে মাসের মাঝামাঝি থেকে ‘হারজিৎ’ ছবির শুটিং শুরু হবে।