'হালদা' নিয়ে হালদাপাড়ে তৌকীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাতা তৌকীর আহমেদ হালদা ছবির শুটিংয়ে, পেছনে দাঁড়িয়ে মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু ও মোমেনা চৌধুরী ছবি: সৌরভ দাশ
নির্মাতা তৌকীর আহমেদ হালদা ছবির শুটিংয়ে, পেছনে দাঁড়িয়ে মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু ও মোমেনা চৌধুরী ছবি: সৌরভ দাশ

রঙিন শামিয়ানা দেওয়া নৌকা। মাঝখানে পাতা চেয়ারে বসা ‘প্রতাপশালী’ নাদের চৌধুরী, সঙ্গে তাঁর স্ত্রী হাসু। নদীর পাড়ে মলিন মুখে দাঁড়িয়ে হাসুর বাবা-মা ও পাশের বাড়ির যুবক বদি। নৌকার ইঞ্জিন চালু হতেই মুখ তুলে বাবা-মায়ের দিকে হাসুর করুণ চাহনি। মেয়ের চলে যাওয়া দেখে মায়ের চোখে জল। এক বছর পর মেয়ে এল, তাও সপ্তাহ না পেরোতেই জোর করে নিয়ে যাচ্ছেন স্বামী।
অবশ্য বেশি দূর যেতে হয়নি। খানিকটা যাওয়ার পরই পরিচালকের চিৎকার, ‘ওকে’। চলছিল তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র হালদার শুটিং। এতে নাদের চৌধুরীর চরিত্র করছেন জাহিদ হাসান, হাসু চরিত্রে তিশা। হাসুর মা-বাবার ভূমিকায় আছেন ফজলুর রহমান বাবু ও মোমেনা চৌধুরী এবং বদির চরিত্রে মোশাররফ করিম। এ ছাড়া আরও অভিনয় করছেন রুনা খান, শাহেদ আলী, সুজাত শিমুল প্রমুখ।
গত ২৬ সেপ্টেম্বর থেকেই শুটিংয়ের দলবল নিয়ে হালদাপাড়ে আছেন তৌকীর। শুটিং চলছে চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান উপজেলার বিভিন্ন স্থানে।
গত সোমবার চট্টগ্রাম শহর থেকে ২৫ কিলোমিটার দূরে রাউজানের পশ্চিম গহিরা বড়ুয়াপাড়ায় গিয়ে দেখা যায়, চারদিকে লোকে গিজগিজ করছে। তারকাদের একনজর দেখতে সেকি চেষ্টা! ভিড় সামাল দিতে শুটিং ইউনিটের কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। সুযোগ পেলেই বাইরের লোক ঢুকে পড়ছে ইউনিটে। তারকাদের সঙ্গে মুঠোফোনে সেলফি তোলার রীতিমতো প্রতিযোগিতা। বিশ্রাম নেওয়ারও জো নেই। সেখানেও ছবি তোলার চেষ্টা।
নৌকায় করে তিশাকে নিয়ে জাহিদ হাসানের চলে যাওয়ার দৃশ্য ধারণ করতে হয়েছে বেশ কয়েকবার। বারবার ক্যামেরার ফ্রেমে অতি উৎসাহী লোক ঢুকে পড়ছে। অনুরোধ-নিষেধ কোনো কিছুই কানে তুলছে না। শেষমেশ তো ভিড় সামাল দিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে আসতে হয়েছে।
ইউনিটের কর্মীরা জানান, মানুষের ভিড়ের কারণে কাজে সময় লাগছে বেশি। অনেক সময় শুটিং শেষ বলে চলে গিয়ে লোকজন সরে যাওয়ার পর আবার আসতে হয়েছে। তখন আবার খবর পেয়ে মানুষ ভিড় করেছে।
শুটিংয়ের ফাঁকে কথা হয় চলচ্চিত্রের পরিচালক তৌকীর আহমেদের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘হালদা একটি গুরুত্বপূর্ণ নদী। এটি অনেকেই জানেন না। এই নদীকে আমি দেশের মানুষের কাছে তুলে ধরব। এর মাধ্যমে হালদাপাড়ের মানুষের জীবন উঠে আসবে। এতে থাকবে মাছের পোনা ধরার উৎসব, যা এই জনপদের মানুষের আনন্দের অন্যতম উপলক্ষ। এ ছাড়া রাখা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্য মাইজভান্ডারী গান, বলীখেলা, নৌকাবাইচও। শুধু তা–ই নয়, মাছের পোনা ছাড়তে বৃষ্টির প্রার্থনা করে ব্যাঙের বিয়ে দেওয়ার দৃশ্যও ধারণ করা হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, বেশির ভাগ সংলাপও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়।’
তৌকীর বলেন, ‘চলচ্চিত্রের মূল উপজীব্য নদী ও মা। নদী ও মাকে ভালোবাসতে হবে। তবেই আমরা সবাই ভালো থাকব।’