
কাল শুক্রবার হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। চ্যানেল আই আজ থেকে চার দিন হুমায়ূন আহমেদকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে। আজ রাতে ‘অন্য হুমায়ূন’ অনুষ্ঠানে গান গাইবেন সুবীর নন্দী।
গানের হুমায়ূন আহমেদ...
প্রত্যন্ত অঞ্চলের লোককবিদের শহরাঞ্চলে পরিচয় করিয়ে দিতে হুমায়ূন আহমেদ বাতিঘরের মতো কাজ করেছেন। লোকগানে কান পাতার একটা সুযোগ করে দিয়েছেন। এটা আমার ব্যক্তিগত মত, অন্যরা কে কী ভাবেন, জানি না।
হুমায়ূন আহমেদের সঙ্গে প্রথম পরিচয়...
যতটুকু জানি, তাঁর লেখা প্রথম রেকর্ড হওয়া গানটি আমার গাওয়া। ১৯৯০ সালের কথা। ওমর ফারুক আমাকে বললেন, একটা গান গাইতে হবে বিটিভির নাটকের জন্য। গীতিকার হুমায়ূন আহমেদ। আমি একটু অবাক হলাম। তিনি বড় মাপের একজন ঔপন্যাসিক, তিনি গান লিখেছেন! সেই থেকে পরিচয়। এরপর কত আড্ডা, কত গান! তাঁর লেখা গানে একটা মজা আছে।
অতৃপ্তি...
ঘেটুপুত্র কমলা ছবিতে আমার একটা গান গাওয়ার কথা ছিল। দেশের বাইরে ছিলাম বলে গাওয়া হয়নি। তাঁর শেষ ছবিতে গাইতে পারিনি, এ দুঃখ আমার থেকে যাবে।
দিন যায়, গান থাকে...
কথা থাকলে গান তো থাকবেই। খেয়াল করে দেখবেন, আমি কখনো ‘হারানো দিনের গান’ বলি না। কারণ, আমার দৃষ্টিতে গান কখনো হারিয়ে যায় না। ‘পুরোনো দিনের গান’ বলি, স্মৃতি-জাগানিয়া গান বলি। কিন্তু হারানো গান নয়।
এখন শুনছি...
শচীন কর্তার (শচীন দেববর্মন) গান শুনছি। কী দারুণ সব গান তাঁর। তাঁর মতো করে একেকটা গান তুলতে আমার বোধ হয় চার দিন লাগবে।
গানের ভুবনে ৪৮ বছর পেরিয়ে এখনো তরুণ...
হা হা হা! আমি আসলে প্রতিদিন নতুন করে বাঁচি। একেকটা দিন, একেকটা জীবন। গতকাল পর্যন্ত কী অর্জন, কী বিসর্জন—তা হিসাব করি না। এ ক্ষেত্রে ইচ্ছাশক্তিটা বড় ব্যাপার।
গানের রিয়েলিটি শো প্রসঙ্গ...
আমি কিন্তু শুরু থেকেই রিয়েলিটি শোগুলোর সঙ্গে ছিলাম। একদিক থেকে ভালো। প্রত্যন্ত অঞ্চলের অনেক শিল্পী সুযোগ পাচ্ছে। খারাপ দিকটা হলো, এসএমএস দিয়ে শিল্পী নির্বাচন হয় না। যারা এসব প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে আসে, অনেক সময় তারা শুধু নিজেদের প্রাপ্তি নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। অনেক কিছু যে দেওয়ারও আছে, তা ভুলে যায়। রিয়েলিটি শোগুলো তো আমাদের গত ১২ বছরে ১২টা মনে রাখার মতো গান দিতে পারেনি। আমি বলব, রিয়েলিটি শোগুলো কিছুদিনের জন্য বন্ধ রাখা উচিত।
তরুণ শিল্পীদের প্রতি...
আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলব, ‘ট্রাই টু বি আ লং ইনিংস প্লেয়ার’। টি-টোয়েন্টি, ওয়ানডে প্লেয়ার হয়ে লাভ নেই। অনেক দিন টিকে থাকার মতো গান করতে হবে।
মো. সাইফুল্লাহ