'হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে নতুনভাবে জাগিয়ে দিয়ে গেছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০১৬’ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথি ছবি হাসান রাজা
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০১৬’ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথি ছবি হাসান রাজা

আনুষ্ঠানিক ঘোষণা আগেই এসেছিল। মোটামুটি সবাই জানতেন কোন দুই গুণী পাচ্ছেন এ বছরের হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার। অবশ্য এ জন্য দর্শকের আগ্রহের কমতি ছিল না। বরং পুরস্কার দেওয়া-নেওয়ার পাশাপাশি গান আর হ‌ুমায়ূন আহমেদকে বিষয় করে আড্ডায় দারুণ সময় কাটাল হ‌ুমায়ূন অনুরাগী, স্বজনেরা। 

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই হুমায়ূন আহমেদ কথাসাহিত্যে পালাবদলের তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন। এরপর একের পর এক উপন্যাসে পাঠকের কাছে নন্দিত হয়েছেন অভূতপূর্ব জনপ্রিয়তা নিয়ে। অনেক দিন ধরেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গস্পর্শী। তিনি মধ্যবিত্ত জীবনের কথকতা সহজ-সরল গদ্যে তুলে ধরে পাঠককে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। আমৃত্যু সেই জনপ্রিয়তার স্রোতে ভাটার টান পড়েনি। রোববার সেই জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৬৮ তম জন্মদিন। এ দিনটিকে সামনে রেখে শনিবার ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০১৬’ দিলো এক্সিম ব্যাংক ও পাক্ষিক পত্রিকা অন্যদিন।

অনুষ্ঠানে দুই ছেলেকে নিয়ে হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।
অনুষ্ঠানে দুই ছেলেকে নিয়ে হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

কথাসাহিত্যে ‘সামগ্রিক অবদান’-এর জন্য হাসান আজিজুল হক এবং নবীন সাহিত্য শ্রেণিতে ‘নান্দনিক দ্যুতি ছড়িয়ে’ স্বকৃত নোমান পেলেন ‘হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০১৬ ’। তাদের হাতে পুরস্কার তুলে দিতে শনিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। হাসান আজিজুল হকের ‘হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’-এর অর্থমূল্য ৫ লাখ টাকা। অন্যদিকে ‘কালকেউটের সুখ’ উপন্যাসের জন্য নবীন সাহিত্য শ্রেণির পুরস্কারটির অর্থমূল্য ১ লাখ টাকা। এছাড়াও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রেস্ট, উত্তরীয়। অনুষ্ঠানে আরও ছিলেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, হুমায়ূন আহমেদের ভাই অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, স্ত্রী অভিনেত্রী-পরিচালক মেহের আফরোজ শাওন, কালের কণ্ঠের সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সে সময়ে ঢাকায় পড়ুয়া মানুষ খুঁজেই পাওয়া যেত না। হুমায়ূন আহমেদ সেই দীনতা দূর করলেন। তিনি যদি বেশি কিছু নাও করতেন আর, তার সেই কাজটির জন্যই বাংলা সাহিত্য তাকে চিরদিন স্মরণ রাখত।’

বক্তৃতা দিচ্ছেন হুমায়ূন আহমেদের ভাই অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
বক্তৃতা দিচ্ছেন হুমায়ূন আহমেদের ভাই অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘হুমায়ূন আহমেদ দীর্ঘ জীবন লাভ না করলেও তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে নতুনভাবে জাগিয়ে দিয়ে গেছেন। তার রচনায় বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। আমি বলব, তার ছোট গল্পের দিকে আরেকটু মনোযোগী হলে তার মৌলিক উৎকর্ষতার সঙ্গে পরিচিত হওয়া যাবে।’
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে এসে হাসান আজিজুল হক বলেন, ‘লেখকদের এভাবে পুরস্কৃত করলে তারা অনুপ্রাণিত হয়, এটি ভীষণ উৎসাহব্যঞ্জক। হুমায়ূনের নামাঙ্কিত এই পুরস্কারটি গ্রহণ করে আমি ভীষণ গর্ববোধ করছি।’ স্বকৃত নোমান বলেন, ‘আজ আমি এমন একজনের সঙ্গে এ পুরস্কারটি পেলাম, সাহিত্যজীবনের শুরু থেকে যার হাত আমার মাথার ওপর আছে।’
অনুষ্ঠানে শংসাবচন পাঠ করেন আবুল হাসনাত ও সৈয়দ মনজুরুল ইসলাম। শেষে শিল্পী সেলিম চৌধুরী হুমায়ূন আহমেদের লেখা গানগুলো পরিবেশন করেন।

পুরস্কার প্রাপ্ত লেখক হাসান আজিজুল হক ও স্বকৃত নোমান
পুরস্কার প্রাপ্ত লেখক হাসান আজিজুল হক ও স্বকৃত নোমান

এবারের পুরস্কারের বিচারকমণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আনিসুজ্জামান। সদস্য ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম, আবুল হাসনাত ও পূরবী বসু। প্রাথমিক বাছাই কমিটির সদস্যরা হলেন, বিশ্বজিৎ ঘোষ, খালেদ হোসাইন ও আবদুল্লাহ নাসের।