‘হূদয়ে একাত্তর’ চলচ্চিত্রে পড়শীর গান
‘হূদয়ে একাত্তর’ নামের নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন ক্ষুদে গানরাজখ্যাত কণ্ঠশিল্পী পড়শী। গানটিতে পড়শীর সহশিল্পী হিসেবে আছেন তানভীর তারেক। পাশাপাশি তিনি গানটির সুর ও সংগীত পরিচালনার কাজটিও করেছেন। ১৫ জানুয়ারি ধানমন্ডির সেলিব্রিটি সাউন্ডল্যাব স্টুডিওতে গানটির রেকর্ডিং অনুষ্ঠিত হয়। জানা গেছে, সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘হূদয়ে একাত্তর’ চলচ্চিত্রে ‘ভালোবাসায় বাঁচে’ শিরোনামের গানটি ইমন ও রোমানার ঠোঁটে চিত্রায়ন করা হবে। মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্য ধারণের কাজ খুব শিগগিরই শুরু হবে। চলচ্চিত্রের গান প্রসঙ্গে পড়শী বলেন, ‘ মাহমুদ মানজুরের কথায় ও তানভীর তারেকের সুরে এর আগে একটি মিশ্র গানের আ্যালবামে কাজ করেছিলাম। এবার চলচ্চিত্রের গান করলাম। কাজটি করে ভালোই লেগেছে।’পড়শী আরও বলেন, ‘আমি গানের ক্ষেত্রে বরাবরই সংগীত পরিচালকের দিকনির্দেশনা অনুসরণ করার চেষ্টা করি। এখানেও করেছি। আশা করছি চলচ্চিত্রে আমার গাওয়া অন্য গানগুলোর মতো এই গানটিও সবার ভালো লাগবে।’