‘হূদয়ের সীমানায়’ ইমরান-নওমী
চ্যানেল আই সেরাকণ্ঠের ইমরান ও চ্যানেল আই ক্ষুদে গানরাজের কণ্ঠশিল্পী নওমী একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি গানটির একটি ভিডিও তৈরি করা হয়েছে। গানটির ভিডিওতে তাঁরা দুজন একসঙ্গে মডেলও হয়েছেন। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। সম্প্রতি রাজশাহীতে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। ‘আমার এই হূদয়ের সীমানায় তুমি ছাড়া আর কেহ নাই/জীবনে-মরণে সারাক্ষণ শুধু তোমাকে পাশে চাই’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। গানটির ভিডিও সম্পর্কে ইমরান বলেন, ‘মিউজিক ভিডিওটির মধ্যে অনেক যত্নের ছোঁয়া আছে। না দেখলে তা বোঝা সম্ভব না।’ নওমী বলেন, ‘আমার প্রথম একক অ্যালবাম এবং প্রথম মিউজিক ভিডিও। আর তাই অনুভূতিও অন্য রকম। গানটি দেখলে সবারই ভালো লাগবে।’ ইমরান ও নওমীর এ গানটি প্রকাশিত হয়েছিল নওমীর প্রথম একক অ্যালবামে। গত ঈদুল আজহায় অ্যালবামটি বাজারে আসে।