‘হেট স্টোরি’র প্রশংসায় পঞ্চমুখ পাওলি
বিক্রম ভাট প্রযোজিত ‘হেট স্টোরি’ ছবির মাধ্যমে বলিউডে বিতর্কের ঝড় তুলেছেন পাওলি দাম। খোলামেলা দৃশ্যে অভিনয় করে সমালোচিত হলেও তিনি এই ছবিকে বলেছেন, ‘এটি ইউনিক ছবি।’ আলোচিত এই বাঙালি অভিনেত্রী এখন ঢাকায়। আজ শুক্রবার সকালে পাওলি দাম ঢাকায় এসেছেন। উদ্দেশ্য, গয়নার দোকান উদ্বোধন। তিনি মুম্বাই থেকে সরাসরি ঢাকায় এসে একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন। হোটেল লবিতে প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে তিনি জানালেন, ‘এখন বেশ ব্যস্ত সময় যাচ্ছে।’ পাওলি বললেন, ‘এ নিয়ে আমি তৃতীয়বারের মতো ঢাকায় এলাম। প্রথমবার এসেছিলাম “মনের মানুষ” ছবির কাজ করতে। তারপর এসেছিলাম এ বছরের ফেব্রুয়ারিতে একটি ফ্যাশন শোতে অংশ নিতে। বাংলাদেশে আসতে আমার ভালো লাগে।’বাংলাদেশ তাঁর পূর্বপুরুষের আবাসস্থল—উল্লেখ করে পাওলি বলেন, ‘আমার দাদা-দাদি ফরিদপুরের মানুষ। তবে মা-বাবার জন্ম কলকাতায়। সব মিলিয়ে বাংলাদেশকে আমার নিজের দেশ ভাবতে ভালো লাগে।’জানা গেছে, গয়নার দোকানের উদ্বোধন অনুষ্ঠানে পাওলির সঙ্গে দেশের জনপ্রিয় মডেল ও তারকাশিল্পীরাও উপস্থিত থাকবেন। গয়নার দোকান উদ্বোধন শেষে কাল শনিবার সকালেই কলকাতায় ফিরবেন তিনি।পাওলি দাম এর আগে ঢাকায় এসেছিলেন ‘গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল’ শীর্ষক একটি ফ্যাশন শোতে অংশ নিতে। সেখানে তিনি ভারতের অগ্নিমিত্রা পালের নকশা করা পোশাক পরে র্যাম্পে হেঁটেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও লকেট চ্যাটার্জি। ফ্যাশন শো থেকে প্রাপ্ত অর্থ প্রথম আলো ট্রাস্টের অধীনে এসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিলে প্রদান করা হয়।উল্লেখ্য, ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত মনের মানুষ ছবিটির মাধ্যমে এ দেশের মানুষের নজর কাড়েন পাওলি। পাওলি দামের প্রথম ছবি ‘অগ্নিপরীক্ষা’। তাঁর আলোচিত অন্য ছবির মধ্যে আছে ‘কালবেলা’, ‘থানা থেকে আসছি’, ‘বেডরুম’, ‘এলার চার অধ্যায়’, ‘ছত্রাক’ ও ‘হইচই’।