‘হোয়াম’ নিয়ে এক মঞ্চে জর্জ মাইকেল-অ্যান্ড্রু রিজলি
১৯৮২ সালে সংগীতশিল্পী জর্জ মাইকেল ও অ্যান্ড্রু রিজলি গড়ে তুলেছিলেন ‘হোয়াম!’ ২৯ জুন গানের দলটির যাত্রা শুরুর ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশাল এক কনসার্টের প্রস্তুতি চলছে। দীর্ঘদিন পর মঞ্চে গাইবে হোয়াম! কেননা সেখানে গাইবেন জর্জ আর অ্যান্ড্রু।শুরুর মাত্র চার বছরের মাথায় ভেঙে গিয়েছিল হোয়াম। কিন্তু অল্প এ সময়ের মধ্যেই ‘ফ্যান্টাস্টিক’, ‘মেক ইট বিগ’সহ চমত্কার কয়েকটি অ্যালবাম আর বেশ কিছু গান উপহার দিয়ে গানের দলটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বিশ্বব্যাপী হোয়ামের ২৫ মিলিয়নেরও বেশি গান বিক্রি হয়েছে। ২৯ জুন গানের দলটির ৩০ বছর পূর্তি উত্সবের পাশাপাশি ‘হোয়াইট লাইট’ নামে নতুন একটি গানও প্রকাশ করবেন জর্জ মাইকেল। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের ডেইলি মেইল জানিয়েছে, ‘হোয়ামের ৩০ বছর পূর্তির দিনটিতে বিরল এক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন সবাই। বিশেষ এ দিনটিকে স্মরণীয় করে রাখতে এক মঞ্চে গাইবেন জর্জ ও অ্যান্ড্রু। কনসার্ট শেষে জমকালো একটি পার্টিরও পরিকল্পনা করা হয়েছে।’এদিকে জর্জ মাইকেল জানিয়েছেন, ‘আজ থেকে ৩০ বছর আগে আমাদের ‘হোয়াম র্যাপ (এনজয় হোয়াট ইউ ডু)’ গানটি টপ চার্টে জায়গা পেয়েছিল। তারিখটা ছিল ২৯ জুন। দিনটিকে স্মরণীয় করে রাখতে আমার নতুন একটি গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। শৈশব থেকেই গায়ক ও গীতিকার হওয়ার স্বপ্ন দেখেছি। ৩০ বছর আগে আমার বয়স ছিল ১৮। এত বছর ধরে আমি সংগীত ভুবনে বিচরণ করব আর এত এত গান শ্রোতাদের উপহার দিতে পারব, তা স্বপ্নেও ভাবিনি।’ উল্লেখ্য, ১৯৮৬ সালে হোয়াম ভেঙে যাওয়ার পর অনেকটা প্রচারণা বিমুখ এবং নিভৃত জীবন যাপন শুরু করেন ৪৯ বছর বয়সী অ্যান্ড্রু। অন্যদিকে জর্জ তাঁর একক ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েন। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের অন্যতম ব্যবসাসফল এককশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ৪৮ বছর বয়সী জর্জ মাইকেল।