‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ ইরফান সাজ্জাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে প্রচারিত টিভি রিয়েলিটি শো ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’-এর বিজয়ী নির্বাচিত হলেন ইরফান সাজ্জাদ। পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হয়েছে ডিএইচএস অটোসের সৌজন্যে একটি ব্র্যান্ড নিউ কার এবং ৫ লাখ টাকা। ১২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠান থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। চ্যানেল আই সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন যথাক্রমে আরিফ মোরশেদ এবং নিয়াত উল্লাহ আলভী। প্রথম রানার আপ পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপ পেয়েছেন ২ লাখ টাকা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ প্রতিযোগিতার তিন বিচারক মাহফুজ আহমেদ, গাজী শুভ্র ও জয়া আহসান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ প্রমুখ। সৌন্দর্যসচেতন পুরুষদের নিয়ে চ্যানেল আইয়ে গত বছরের শেষ দিকে ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ রিয়েলিটি শোর প্রচার শুরু হয়েছিল। ‘সেই পুরুষ যে চ্যালেঞ্জ ফেস করে নিজেকে প্রমাণ করে; যদি পুরুষ হও ফেস করো’—এই মূল প্রতিপাদ্যকে ভিত্তি করে অনুষ্ঠানটির আয়োজন করেছিল ফেয়ারনেস ক্রিম ও ফেসওয়াস ব্র্যান্ড ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম এবং চ্যানেল আই। চূড়ান্ত সাত প্রতিযোগীকে নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রাখী। পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম ও রায়হান খান। দৃষ্টিনন্দন সেটে জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সাজানো হয়েছিল নানা রঙে। গালা রাউন্ডের মূল আকর্ষণ ছিল চিত্রতারকা মৌসুমী, ফেরদৌস ও শাবনূরের মঞ্চ পরিবেশনা। সহশিল্পীদের সঙ্গে নিয়ে বাংলা চলচ্চিত্রের বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে তাঁরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রতিযোগীদের সঙ্গে মঞ্চ পরিবেশনায় অংশ নেন সিমলা, শখ, তমা মির্জা, শায়না, চৈতি, ভাবনা ও প্রিয়াংকা। সংগীত পরিবেশন করেন সেরাকণ্ঠের শিল্পী বৃষ্টি, নীড়, মোনা, মেহেদী, লুইপা, অভিক, আশিক, মুগ্ধ, ঝিলিক প্রমুখ। নৃত্য পরিবেশন করেন সেরা নাচিয়ের তুষার, মন্দিরা, রাসেল, প্রথমা, হেনা, ম্যাক্স প্রমুখ। আরও নেচেছেন ভিট টপ মডেল তানিয়া, ঝুমুর, তাহা ও আশা। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।