
পিতৃহত্যার প্রতিশোধের নেশায় মত্ত ডেনিশ যুবরাজ হ্যামলেট। অভিযুক্ত চাচাকে হত্যার সুযোগ পেয়েও সে হত্যা করে না। কেন? ক্লডিয়াস ওই সময়টায় প্রার্থনারত ছিল বলে? এ রকম অনেক প্রশ্নেই দ্বিধাদ্বন্দ্ব ভিড় করে হ্যামলেটের মনে। সৈয়দ শামসুল হক অনূদিত শেক্সপিয়ারের হ্যামলেট নাটকটি মঞ্চে এনেছে শিল্পকলা একাডেমি।
উইলিয়াম শেক্সপিয়ার রচিত হ্যামলেট বিশ্ববাসীর অতিপরিচিত এবং অতি চর্চিত একটি বিয়োগান্ত নাটক। এই নাটকে ডেনমার্কের যুবরাজ হ্যামলেটের জীবনযুদ্ধের দ্বন্দ্ব ও সংকটময় রূপ চিত্রিত হয়েছে, যা কাহিনিবিন্যাস ও মর্মকথায় হয়ে উঠেছে সর্বজনীন। চার শ বছর ধরে এই নাটকটি বিশ্বের অগণিত দেশে বিরতিহীনভাবে মঞ্চে অভিনীত হয়ে আসছে। বাংলাদেশেও এর আগে অনেকবার হয়েছে। গতকাল জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হলো নতুন করে। নতুন করে অনুবাদ করা হলেও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কাহিনিবিন্যাস ও মূল গল্পের মর্মকথায় কোনো ব্যত্যয় ঘটাননি।
নাটকটি দেখে মনে হয়েছে, শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ যেন হয়ে ওঠে এই বাংলার ‘হ্যামলেট’ তথা বাংলাদেশের ‘হ্যামলেট’। কাহিনির কোনো পরিবর্তন না ঘটিয়ে সৈয়দ হক গ্রথিত করেছেন বাঙালি কবিদের কাব্যাংশ ও গান। পাশাপাশি এসেছে বাংলার নিজস্ব লোকজ পালাগানেরও নানা আঙ্গিক। নৃত্যেও সচেতনভাবে ব্যবহৃত হয়েছে এদেশীয় নৃত্য আঙ্গিক ও ভাবনা।
শিল্পকলা একাডেমির হ্যামলেট-এর নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। অভিনয় করেছেন রাজধানীর বিভিন্ন নাট্যদলের অভিনয়শিল্পীরা। তাঁদের মধ্যে আছেন আমিনুর রহমান, শামীম শেখ, ফারজানা কামাল, মাস্উদ সুমন, শফিকুল ইসলাম, শামীম সাগর, বাপ্পি আমীন, তৃপ্তি রানী মণ্ডল, মেরিনা মিতু প্রমুখ।