>জাতীয় নাট্যশালায় শেক্সপিয়ারস গ্লোব থিয়েটারের হ্যামলেট নাটকটি মঞ্চায়নের পর ‘হ্যামলেট’ চরিত্র রূপায়ণকারী নাইম হায়াতের এই ছোট্ট সাক্ষাৎকার।

নিজের ব্যক্তিজীবনের সঙ্গে ‘হ্যামলেট’ নাটকের কোনো সাদৃশ্য পান?
এই জন্য তোমাকে নাটক দেখতে হবে। এরপর তুমি নিজেই বুঝতে পারবে। হা হা হা। আমি মনে করি, প্রতিটি মানুষই বিচিত্র রকম চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে থাকে। তারা প্রত্যেকেই বিভিন্ন ঘটনা অথবা অবস্থার পরিপ্রেক্ষিতে একেক ধরনের আচরণ করে থাকে। সেই ভাবনা থেকে বলতে পারি, প্রত্যেক মানুষের মধ্যেই হ্যামলেটের চরিত্র বিরাজ করে।
আগের মঞ্চায়নগুলোর সঙ্গে আজকের মঞ্চায়নের কোনো পার্থক্য রয়েছে?
পার্থক্য যদি বলি, তবে বলতে হবে, আজ আমরা খুবই ক্লান্ত, জার্নির কারণে। গত রাতে আমরা মাত্র পা দিয়েছি আর আজই শো। সুতরাং বুঝতেই পারছ আমরা সব কলাকুশলীই খুব বেশি ক্লান্ত। ফলে আমাদের মধ্যে আজ সেই এনার্জিটুকু নেই। সে কারণে হয়তো সামর্থ্যের শতভাগ আমরা কেউ-ই দিতে পারিনি। সবার মধ্যেই ক্লান্তি দেখতে পাচ্ছিলাম। কিন্তু তাতে নাটকের কোনো ক্ষতি হয়নি। আর একটা ব্যাপার হলো, আমাদের কিছু চরিত্রের জন্য একাধিক কুশীলব রয়েছে। তারা বদল করে অভিনয় করে। তাই আগের মঞ্চায়নের সঙ্গে আজকের মঞ্চায়নের পার্থক্য তো অবশ্যই আছে।
এই নাটক আপনারা নির্বাচন করলেন কেন?
আসলে নাটকটি পছন্দ করার মূল কৃতিত্ব আমাদের নির্দেশকের। তিনিই পছন্দ করেছেন। তবে যদি আমার মতামত দিই, তাহলে বলতে হবে, শেক্সপিয়ারের যত নাটক আছে, তার মধ্যে হ্যামলেটই সবচেয়ে আইকনিক। এই নাটকে জীবন ও মৃত্যুর সম্পর্ক একটু অন্যভাবে দেখানো হয়েছে। মানুষের এই যে ভাবনা জীবন ও মৃত্যু নিয়ে, এই ভাবনার আবির্ভাব খুব সুন্দরভাবে হয়েছে হ্যামলেট নাটকে। কে না ভাবে নিজের জীবন ও মৃত্যু নিয়ে! বড় হোক অথবা পাঁচ বছরের শিশু, প্রত্যেকেরই নিজ নিজ চিন্তায় এই জীবন-মৃত্যুর ভাবনা কমন। এসব দিক বিবেচনায় এটি একটি পরিপূর্ণ নাটক।