'হ্যারি পটার' নয়, এবার রাওলিংয়ের নতুন কাহিনি

হ্যারি পটার না ফিরলেও ফিরছেন জে কে রাওলিং। নতুন কাহিনি নিয়ে ওয়ার্নার ব্রাদার্সের ছবির জন্য চিত্রনাট্য লিখছেন তিনি।
জে কে রাওলিংয়ের উপন্যাস থেকেই সৃষ্টি হয়েছিল সাড়া জাগানো ‘হ্যারি পটার’ সিরিজ। ‘হ্যারি পটার’-এর কাহিনি শেষে আর ফিরবেন না এমন ঘোষণাও দিয়েছিলেন তিনি। কিন্তু ‘হ্যারি পটার’ নয়, এবার নতুন কাহিনি নিয়েই ফিরছেন রাওলিং। সম্প্রতি তাঁর লেখা ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড’ বই অবলম্বনে ছবি তৈরির ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রাদার্স।
এরই মধ্যে নতুন সিরিজের প্রথম ছবির চিত্রনাট্য লেখার দায়িত্বও পেয়েছেন রাওলিং। এর মাধ্যমে চিত্রনাট্যকার পরিচয় যুক্ত হতে যাচ্ছে তাঁর নামের পাশে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘লস অ্যাঞ্জেলেস টাইমস’।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে রাওলিং জানিয়েছেন, ‘হ্যারি পটার’ সিরিজের সিকুয়্যেল কিংবা প্রিক্যুয়েল এটি নয়। ‘হ্যারি পটার’-এর গল্পের শুরু যেখানে, তারও ৭০ বছর আগে নিউইয়র্কের প্রেক্ষাপটে এর কাহিনি গড়ে উঠেছে।
রাওলিং আরও জানান, ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের ছবি তৈরির ভাবনাটা ওয়ার্নার ব্রাদার্সের। প্রস্তাব পাওয়ার পর তিনি রাজি হয়ে যান।
এদিকে ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ চলচ্চিত্রের পাশাপাশি ভিডিও গেমসও বাজারে ছাড়া হবে।
২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে ‘হ্যারি পটার’ সিরিজের আটটি ছবি উপহার দিয়েছে ওয়ার্নার ব্রাদার্স। তুমুল জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছবিগুলো আয় করেছে ৭.৭ বিলিয়ন ডলার।