
এই কয়েক দিন আগেই অনুষ্ঠিত হলো ৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ড! শিরোনাম পড়েই বুঝতে পারছেন নিশ্চয়ই কী হয়েছে এবারের ২০১৭-এর গ্র্যামি অ্যাওয়ার্ডে? ঠিক ধরেছেন, অ্যাডেলের হ্যালোর কথাই বলছি। এবারের অনুষ্ঠানে রাজত্ব করেছেন ‘হ্যালো’ দিয়ে ফিরে আসা অ্যাডেল।
প্রতিবছর পৃথিবীর বিখ্যাত সব গানের তারারা একত্র হন, লাল কার্পেটের ওপর দিয়ে হেঁটে মূল অনুষ্ঠানে প্রবেশ করেন, আর উৎসুক হয়ে সেই তারকাদের অপেক্ষায় থাকেন টিভির সামনের কোটি কোটি দর্শক। আগ্রহ থাকবে না-ই বা কেন বলুন? সংগীত জগতের সবচেয়ে সম্মানজনক পদকের অন্যতম হচ্ছে গ্র্যামি। যার হাতে ওঠে এই পদক, তাঁকে সেরা বলে মেনে নিতেই হয়। তাই আসার সময় সবার মুখে হাসি থাকলেও ফেরার সময় কারও কারও হাসি কান পর্যন্ত বিস্তৃত হয়ে যায়! হওয়ারই কথা, সোনার তৈরি বেশ ভারী একটি গ্রামোফোনের স্ট্যাচু নিয়ে বাড়ি ফেরা তো আর যে সে ব্যাপার নয়! এই হচ্ছে সংক্ষেপে গ্র্যামি অ্যাওয়ার্ড। এখনো পর্যন্ত গ্র্যামি হচ্ছে গানের রাজ্যের পৃথিবীর সবচেয়ে বড় আয়োজন, সংখ্যার দিক থেকে, চোখ ধাঁধানো পারফরম্যান্সের দিক থেকে কিংবা লাল কার্পেটের দৈর্ঘ্যের দিক থেকেও।
এবার বসেছিল গ্র্যামির ৫৯তম আসর। শুরুতেই যা বলেছি, এবারের আসরে একাই রাজত্ব করেছেন টোয়েন্টি ফাইভ অ্যালবাম দিয়ে বিশ্ব মাতানো অ্যাডেল। মূল লড়াইটা হয়েছে তাঁর আর বিয়ন্সের মধ্যেই। কিন্তু ‘কুইনবি’র অ্যালবাম লেমোনেড-কেহটিয়ে বর্ষসেরা অ্যালবাম, বর্ষসেরা রেকর্ড, বর্ষসেরা গান; সেরা এই তিন পদকই গিয়েছে অ্যাডেলের ঝুলিতে। তিনিই একমাত্র শিল্পী, যিনি দুবার একই সঙ্গে সেরা তিন বর্ষসেরার এই পদক পেলেন। পাঁচ বছর আগে টোয়েন্টি ওয়ান অ্যালবামের জন্যও তিনি ঠিক এই পুরস্কারগুলোই পেয়েছিলেন। এবার মোট পাঁচটি পদক নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। তবে নিজে বিয়ন্সের ভীষণ রকম ভক্ত হওয়ায় পুরস্কার নিতে এসেও বলেছেন বিয়ন্সের নাম; তাঁর ভাষায়, ‘আমার বিচারে বছরের সেরা অ্যালবাম ছিল লেমোনেড, তাই বিয়ন্সের ভক্ত হওয়ায় আমার মন সামান্য খারাপ হয়েছে তো অবশ্যই।’ তবে বিয়ন্সও কিন্তু খালি হাতে ফেরেননি, দুটি পুরস্কার পেয়েছেন তিনি। একটি অ্যালবাম লেমোনেড-এর জন্য, অপরটি ‘ফরমেশন’ গানের মিউজিক ভিডিওর জন্য।
তবে যত যা-ই হোক, নিঃসন্দেহে এবারের গ্র্যামির রাতটা স্মরণীয় হয়ে থাকবে নতুন র্যা প শিল্পী ‘চান্স দ্য র্যা পার’-এর জন্য। শিকাগোর এই নতুন মুখের কোনো অ্যালবামই সিডি হিসেবে বিক্রির জন্য ছিল না, সবগুলোই তিনি দিয়েছিলেন কোনো না কোনো স্ট্রিমিং সার্ভিসে। বড় কোনো রেকর্ড কোম্পানিও সাহায্য করেনি, নিজেই নিজের গান রিলিজ করেছেন। তা সত্ত্বেও তিনি পেয়েছেন বছরের সেরা নতুন শিল্পীর সম্মানসহ মোট তিনটি গ্র্যামি পুরস্কার।
২০১৬ সালের জানুয়ারি মাসে পৃথিবী ছেড়েছিলেন ডেভিড বোয়ি। মৃত্যুর অল্প কয়েক দিন পরই বের হয়েছিল তাঁর অ্যালবাম ব্ল্যাকস্টার। এবারের গ্র্যামিতে তিনি জিতেছেন চারটি পদক, তার মধ্যে একটি হচ্ছে সেরা রক গানের জন্য।
এই তো গেল সেরা পুরস্কারগুলোর কথা, এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে গানের তালে মঞ্চ কাঁপিয়েছেন অ্যাডেল, লেডি গাগা, বিয়ন্স, কেটি পেরি, জেনিফার লোপেজ ও মেটালিকা। গত বছর জর্জ মাইকেল ও প্রিন্স পাড়ি জমিয়েছেন অন্য ভুবনে, তাঁদের জন্যও শ্রদ্ধা প্রদর্শন করেছেন তারকারা।
এই গ্র্যামি অ্যাওয়ার্ডের জমকালো আয়োজনটি হয়েছিল মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে। উপস্থাপক হিসেবে ছিলেন নামজাদা কমেডিয়ান জেমস করডেন।
গ্র্যামি ওয়েবসাইট, নিউইয়র্ক টাইমস উইকিপিডিয়া অবলম্বনে