‘১২.১২.১২’ নিয়ে পার্থ বড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত চার মাসে দেশ-বিদেশের বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া। সর্বশেষ যুক্তরাষ্ট্র থেকে ফিরেই যোগ দিয়েছিলেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার বিচারকাজে। ফাঁকে ফাঁকে কয়েকটি টিভি নাটকের শুটিংও করেছেন বটে; কিন্তু নিজের কোনো রেকর্ডিঙের কাজে হাত দিতে পারেননি। চার মাস পর সম্প্রতি রেকর্ডিঙের কাজে মন দিয়েছেন তিনি। পার্থ জানিয়েছেন, আর গড়িমসি নয়, এবারে একটানা রেকর্ডিং করে সোলসের নতুন একক অ্যালবামের কাজটি শেষ করবেন। অ্যালবামটির নাম ‘১২.১২.১২’। এ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘দেশ-বিদেশের বিভিন্ন স্টেজ শো নিয়ে গত চার মাস আসলে অনেক ব্যস্ত থাকতে হয়েছে। এর মধ্যে রেকর্ডিংয়ের দিকে কোনো মনোযোগ দিতে পারিনি। হঠাত্ মনে হলো অনেক তো হলো। এদিকে বছরও শেষ হতে চলল। চিন্তা করলাম ‘১২.১২.১২’ অ্যালবামটির কাজটা করা দরকার, আপাতত সবকিছু থেকে নিজেকে দূরে রেখে অ্যালবামটির কাজটি শেষ করতে চাই।’অ্যালবামের গানের ব্যাপারে পার্থ বড়ুয়া বলেন, ‘গান বাছাইয়ের কাজ চলছে। পাশাপাশি অন্য কাজও ভালোভাবে এগোচ্ছে। আশা করছি শ্রোতাদের দেওয়া কথা অনুযায়ী ‘১২.১২.১২’তে আমাদের নতুন অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’‘১২.১২.১২’তে অ্যালবাম প্রকাশের কারণ হিসেবে পার্থ বড়ুয়া বলেন, ‘২০১২ সাল নিয়ে অনেক আলোচনা। হলিউডে ছবিও তৈরি হয়েছে। আমরা আমাদের গানের মধ্য দিয়ে পুরো ব্যাপারটি তুলে ধরার চেষ্টা করব।’উল্লেখ্য, গত বছরের শুরুতে ডেডলাইন মিউজিকের ব্যানারে সোলসের সর্বশেষ অ্যালবাম ‘জ্যাম’ প্রকাশিত হয়েছিল।