'২২ দিনে পুরো ছবির শুটিং শেষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহানা সাবা। অভিনয়শিল্পী। সম্প্রতি মুরাদ পারভেজ পরিচালিত বৃহন্নলা ছবির শুটিং শেষ করেছেন। এটি তাঁর ৫ নম্বর চলচ্চিত্র। দেশ টিভিতে আজ প্রচারিত হবে সাবা অভিনীত ধারাবাহিক নাটক সিক্রেট সার্ভিস।

সোহানা সাবা
সোহানা সাবা

সিক্রেট সার্ভিস...
এই নাটকে আমি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মচারী। পেশাগত সাফল্যের ব্যাপারে খুবই সচেতন। সাফল্য পাওয়ার জন্য মেয়েটি যেকোনো কাজ করতে পারে।

বাস্তবে আমি...
আমার কোনো আকাঙ্ক্ষা নেই। এটা ঠিক যে আমি অভিনয় করতে চেয়েছি, পরিচিতি পেতে চেয়েছি। কিন্তু এসবের জন্য কোনো উচ্চাশা ছিল না।

বৃহন্নলা...

এটি আমার পাঁচ নম্বর চলচ্চিত্র। শুটিং করেছি দাদার বাড়ি রাজবাড়ীর খামারবাড়িতে। ২২ দিনে পুরো ছবির শুটিং শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যে ডাবিংয়ের কাজ শুরু হবে।

দাদার বাড়িতে ছবির শুটিং...

আমার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায় হলেও দাদার বাড়ির সঙ্গে যোগাযোগটা বরাবরই ছিল। গ্রামের প্রতি আমার ভালো লাগা অনেক বেশি কাজ করে। দাদার বাড়িতে কাজ করে অনেক বেশি ভালো লেগেছে।

‘আয়না’ টু ‘বৃহন্নলা’...

কবরী সারোয়ার পরিচালিত আয়না আমার প্রথম ছবি। ২০০৬ সালে এটি মুক্তি পায়। তাই এই ছবিকে সব দিক থেকে এগিয়ে রাখব। এরপর মোরশেদুল ইসলামের খেলাঘর ছবিতে অভিনয় করি। মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবি আমার অহংকারের জায়গা। অনেকেই বলেছেন, প্রিয়তমেষু ছবিতে নাকি আমি খুব ভালো অভিনয় করেছি। চন্দ্রগ্রহণ আমার পছন্দের সিনেমার একটি। আর আমাকে যাঁরা অভিনয়শিল্পী হিসেবে চেনেন, তাঁদের জন্য বৃহন্নলা উপহার। এই ছবিতে ভালো অভিনয়ের চেষ্টা করেছি।

নিজেই যখন ডিজাইনার...

ডিজাইনের প্রতি আমার আগ্রহটা অনেক আগের। আমি ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর স্নাতক করেছি। বিভিন্ন ঘরোয়া ও টেলিভিশনের অনুষ্ঠানে আমি যে পোশাক পরি, তার বেশির ভাগই আমার ডিজাইন করা। আর চন্দ্রগ্রহণ ছবির পর বৃহন্নলা ছবির পোশাক ডিজাইন করেছি আমি।

নাটকের কাজ...

ছবির শুটিংয়ের জন্য মাঝে কোনো কাজই করা হয়নি। এখন আবার প্রস্তুতি নিচ্ছি।
মনজুর কাদের