‘৩২ জনই সেরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফডিসির প্রধান ফটকের সামনে দিয়ে যে যাঁর মতো ছুটছেন। দূর থেকে তা দেখে একটু ভিরমি খেলাম। বুঝে ওঠার আগেই ফটকের সামনে পৌঁছে যাই। না, তেমন কিছু নয়। ফটকের দারোয়ান ‘পুলিশি অ্যাকশন’-এ নেমেছেন। তবে এফডিসির ভেতরের সারা এলাকা ঘুরে কোথাও শুটিংয়ের কোনো ‘কাট’ ‘অ্যাকশন’ খুঁজে পেলাম না। ব্যতিক্রম চিত্রনায়ক জসিম ফ্লোরের সামনের এলাকা। ওখানে গাড়ির ভিড় দেখা গেল। কৌতূহল নিয়ে সেদিকে এগোই। স্টুডিওর ভেতরে ঢুঁ দিয়ে দেখি, গানভিত্তিক প্রতিযোগিতার অনুষ্ঠান ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর ইয়া বড় সেট ফেলা হয়েছে। একজন জানালেন, সন্ধ্যা থেকে শুটিং শুরু হবে। কিন্তু কোনো প্রতিযোগী বা অনুষ্ঠানের নীতিনির্ধারক, কারও দেখা নেই। মূল স্টুডিও থেকে ফেরার পথে বন্ধ গ্রিনরুম থেকে ফিসফাস কানে এল। দরজায় লেখা ‘রেস্ট্রিকট্রেড’। ভেতরে ঢুকব কি না, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গেলাম। এভাবে পার হলো কিছুক্ষণ। পরক্ষণে সাহস করে আস্তে ধাক্কা দিতেই খুলে গেল দরজা। হাসিমুখে বেরিয়ে এলেন অনুষ্ঠানের প্রযোজক আলফ্রেড খোকন। ভেতরে উঁকি দিয়ে দেখি, আরও আট-দশজন মানুষ। পরিচয় হলো শহীদ, রানা, মনির, শান্তা, লাবীবা, খিং মারমা, সিঁথি ও লায়লার সঙ্গে। ওরা সবাই প্রতিযোগী। আড্ডার ছন্দপতনে খানিকক্ষণের বিরতির পর আবারও আলফেড্র খোকন আর প্রতিযোগীদের কথোপকথন শুরু হলো। ‘তোমার এবারের গানটি নির্ধারণ ঠিক হয়নি।’লাবীবাকে উদ্দেশ করে খোকন বললেন। লাবীবা বলল, ‘না ভাইয়া। গানটি ভালো করে গাইতে পারব। দোয়া করবেন।’ কথা বলার জন্য ছটফট করছিলেন শান্তা। সুযোগ পেয়েই বললেন, ‘খোকন ভাই, আমার গানটি কেমন হয়েছে?’ মাথা ঝাঁকিয়ে ইতিবাচক সায় দিলেন খোকন। এসএমএস ভোটের জন্য লিফলেটও ছাপিয়ে ফেলেছেন। কয়েকজনের হাতে তা দেখাও গেল। এর মধ্যে আলফ্রেড খোকনের সঙ্গে কথা বলার সুযোগ হলো। বললেন, ‘এখন পর্যন্ত ৩২ জন টিকে আছে। আজ ছয়জন বাদ পড়বে। তবে আমার কাছে মনে হয়েছে ৩২ জনই সেরা।’ এবার নিয়ে চতুর্থবার এ প্রতিযোগিতা। অনুষ্ঠানটির কোনো ভিন্নতা আছে কি? ‘ভিন্নতা একটাই, মনে হচ্ছে সবাই প্রস্তুতি নিয়ে অংশ নিয়েছেন’—বললেন খোকন। এর মধ্যে আড্ডায় ঢুকলেন সায়েম। অনুষ্ঠানটির উপস্থাপকের একজন তিনি। সায়েমকে উদ্দেশ করে ইউনিটের একজন বলে উঠলেন, হিরো এসে গেছেন। শুনেই মনে হলো সায়েম একটু লজ্জার হাসি হাসলেন। ফাঁকে উপস্থাপনার বিষয় নিয়ে সায়েম বললেন। ‘এত বড় অনুষ্ঠানের উপস্থাপনা প্রথম করছি। মজার মধ্যে আছি।’ওখান থেকে বেরিয়ে পড়ি। ৩ নম্বর স্টুডিওর সামনে জটলা চোখে পড়ল। এবার ওপথে এগোই। মূল স্টুডিওর ভেতরে ঢুকে দেখি এলাহি কাণ্ড। ডিসকো ক্যাবার তৈরি করা হয়েছে। মঞ্চে শাকিব খানসহ নৃত্যশিল্পীরা। বুঝিয়ে দিচ্ছেন নৃত্য পরিচালক মাসুম বাবুল। সামনে বসা ছবিটির পরিচালক বদিউল আলম খোকন। বললেন, ‘আজ মাই নেম ইজ খান ছবির একটা গানের ছোট অংশ ধারণ করছি। গানটির প্রায় ৯০ ভাগ ধারণ হয়েছে ব্যাংককে।’ এর মধ্যে ‘...করেছি জয়...করি না তো ভয়...মাই নেম ইজ খান...’ গানটির অডিও বেজে উঠল। মাসুম বাবুল হাঁক ছাড়লেন—‘ওকে, আমরা যাই...’ বলেই ...‘অ্যাকশন’ বললেন। লাল, নীল বাতির আলোক-ছন্দে গান চলছে। সঙ্গে নাচছে শাকিবের দল। গানের ছন্দকে ছুটি দিয়ে নিজের বেরিয়ে পড়লাম রাস্তায়।  শা. আ. মা.