'৩৭ নম্বর অ্যালবামের কাজ করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস ডি রুবেল
এস ডি রুবেল

এস ডি রুবেল। আজ তিনি গান গাইবেন ‘স্টার নাইট’ অনুষ্ঠানে। প্রচারিত হবে এশিয়ান টিভিতে।
‘স্টার নাইট’ অনুষ্ঠান নিয়ে কী পরিকল্পনা করছেন?
পুরো দুই ঘণ্টা গান গাওয়ার সুযোগ পাব। আমার গাওয়া বিভিন্ন সময় জনপ্রিয় হওয়া কিছু গান তো থাকবেই। আমার পছন্দের কিছু গানও করব। এ তালিকায় থাকবে কিশোর কুমার, মান্না দে, জগজিৎ সিংয়ের গান। দর্শকদের অনুরোধেও কিছু গান গাইতে হবে।
দর্শক তো অনেক গানের জন্যই অনুরোধ করেন। কিন্তু বেশির ভাগ শিল্পী তা রক্ষা করেন না।
এ ধরনের অনুষ্ঠানের জন্য শিল্পীদের একটা প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতির বাইরে থেকে যদি কোনো গানের অনুরোধ আসে, তা রক্ষা করা সম্ভব হয় না। যেহেতু অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে, তখন ওই গানগুলোর ক্ষেত্রে কণ্ঠশিল্পীর সঙ্গে বাদ্যযন্ত্রশিল্পীদের সমন্বয়টা ঠিক হয়ে ওঠে না। তার পরও যদি কেউ চেষ্টা করেন আর গানটা খারাপ হয়, তাহলে এর পুরো দায়ভার শিল্পীকেই নিতে হয়।
একসময় আপনার যে জনপ্রিয়তা ছিল, তা কি এখনো আছে?
আমি বলব—আমার জনপ্রিয়তা একচুলও কমেনি। আগে আমার ধারণা ছিল, আমার গান শোনেন তরুণেরা। কিন্তু যখন মঞ্চে কিংবা টিভিতে গান গাই, তখন অনেক জ্যেষ্ঠ শ্রোতাও আমার গাওয়া পুরোনো কিছু গান গাওয়ার জন্য অনুরোধ করেন। বুঝতে পারি, অনেকেই আমার গান শুনছেন।
আপনার অডিও অ্যালবাম বিক্রির ক্ষেত্রে কিন্তু তার প্রতিফলন দেখা যায় না।
এখন অডিও বাজার বলতে কিছু আছে? একটা অ্যালবাম বের করলে পরদিনই তা বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। যে কেউ ডাউনলোড করতে পারছেন। আমি মনে করি, এখন মুঠোফোন প্রতিষ্ঠানগুলোই পারবে শিল্পীদের রক্ষা করতে। কারণ, তাদের কাছে সেই প্রযুক্তি আছে।
আপনার নতুন কোনো অ্যালবামের খবর আছে?
হ্যাঁ, আমার ৩৭ নম্বর একক অ্যালবামের কাজ প্রায় শেষ পর্যায়ে। কোরবানির ঈদে প্রকাশ করার ইচ্ছা আছে। আগে মুঠোফোন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করব। তারপর অন্য সিদ্ধান্ত নেব।
বিনোদন প্রতিবেদক