'৫৯' নিয়ে অঞ্জন দত্ত

পুরো এক যুগ পর এসেছে অঞ্জন দত্তের নতুন অ্যালবাম। নাম ৫৯। এবার ঈদে গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য এনেছে অ্যালবামটি। আর এ অ্যালবামের গানগুলো গ্রামীণফোনের গ্রাহকেরা ৪০৪০ নম্বরে ডায়াল করে মিউজিক রেডিও সার্ভিসে শুনতে পারছেন।
১২ আগস্ট টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জন দত্ত বলেন, ‘বাংলাদেশের একটি টেলিফোন কোম্পানি অ্যালবামটির স্বত্ব কিনে নিয়েছে। তবে বিশ্বব্যাপী অ্যালবামটি প্রকাশের স্বত্ব আমার রয়েছে। আগামী নভেম্বরে ৫৯ অ্যালবামটি সিডি আকারে বাজারে আসবে।’
বন্ধু ও সহকর্মী অমিত দত্তের সঙ্গে মিলে অ্যালবামের গানগুলোর রেকর্ডিং সম্পন্ন করেন অঞ্জন দত্ত। তিনি বলেন, ‘গানগুলো লেখার পর সেগুলো আমার ছেলে নীলকে গেয়ে শোনালাম। সে অমিতকে দিয়ে গানগুলোর সংগীত পরিচালনা করানোর পরামর্শ দিল।’
অঞ্জন দত্ত আরও বলেন, ‘অ্যালবামের সাতটি গানই গিটারনির্ভর। অমিত ভারতের সেরা গিটারবাদকদের একজন। আমি তাঁকে নতুন গানগুলো শোনানোর পর তিনি পছন্দ করলেন। ম্যান্ডোলিন ছাড়া অ্যালবামের গানগুলোতে ব্যবহূত সব বাদ্যযন্ত্র অমিত নিজেই বাজিয়েছেন। বলা যায়, শৈল্পিকভাবে অ্যালবামটি প্রযোজনা করেছেন অমিত। আমি কেবল অর্থের জোগান দিয়েছি।’ দীর্ঘ বিরতির পেছনের কারণ প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেন, ‘কয়েক বছর টানা গান লেখার পর একসময় মনে হলো, আমি আর ভালো গান লিখতে পারছি না। মনে হচ্ছিল ‘‘আলী বাবা’’, ‘‘বৃষ্টি’’ কিংবা ‘‘বেলা বোস’’ গানগুলোর ছায়া থেকে বের হতে পারছি না। এ জন্য গান লেখা ছেড়ে দিয়েছিলাম। তাই বলে গানের পেশা থেকে সরে যাইনি। এখনো মাসে তিন-চারটি মঞ্চ পরিবেশনায় অংশ নিই আমি।’ অঞ্জন জানান, ৫৯ অ্যালবামটি অনলাইনেও প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন তিনি।