যাঁর জন্ম হয়েছে, নিবন্ধনও হয়েছে, শুধু নামটি এখনো তাঁর হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবর

মহোদয়,

জন্মনিবন্ধন অধিদপ্তর।

বিষয়: আমার নামটি উদ্ধার করে আমাকে আমার পরিচয় ফিরিয়ে দেওয়ার আবেদন

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, জন্মের পর আমার মা-বাবা শখ করে আমার একটি নাম রেখেছিলেন। সেই নামেই তাঁরা আমাকে ডাকতেন, আত্মীয়স্বজন চিনতেন, পাড়া–প্রতিবেশী চিনতেন। আমিও দিব্যি জানতাম, আমি কে। কিন্তু জন্মনিবন্ধন সনদ হাতে পেয়ে দেখলাম, আমার নামটি আর আমার নেই। সরকারি খাতায় আমার নামের যে বানান লেখা হয়েছে, তা দেখে আমার মা-বাবাও আমাকে নতুন করে চিনতে বসেছেন! সেখানে এমন এক উদ্ভট বানান লেখা হয়েছে, নামের সেই বানান বাংলা ভাষার কোন বর্ণমালার অন্তর্ভুক্ত, তা জানতে অভিধান ঘেঁটেছি। অভিধান কিছু বলতে পারেনি। বাংলা ব্যাকরণও নীরব। শেষ পর্যন্ত মনে হয়েছে, বানানটি হয়তো কোনো গোপন ভাষায় লেখা, যার পাঠোদ্ধারের ক্ষমতা আমার মতো আম–পাবলিকের নেই। মনে হচ্ছে, কি–বোর্ডের ওপর কেউ ঘুমিয়ে পড়েছিলেন, আর কম্পিউটারটি সেই সুযোগে আমার নাম লিখে দিয়েছে!

বিপত্তি হলো, ভুলটি আমি করিনি; ভুলটি করেছে আপনার দপ্তর, অথচ সংশোধনের দায়িত্ব আমার। আমাকে আবেদন করতে হবে, কাগজপত্র জোগাড় করতে হবে, ফি দিতে হবে, দিনের পর দিন দপ্তরের বারান্দায় অপেক্ষা করতে হবে। অর্থাৎ আমার নামের বানান আপনারা বদলে দিয়েছেন, আর সেই বানান ফেরত পেতে আমার সময়, শ্রম ও অর্থ—তিনটিই জমা দিতে হবে।

এ এক অভিনব ব্যবস্থা, মহোদয়! এখানে ভুল করার অধিকার এক পক্ষের, আর ভুলের খেসারত দেওয়ার দায়িত্ব অন্য পক্ষের। ভুলটি সরকারি, কিন্তু ভোগান্তিটি ব্যক্তিগত।

মহোদয়, আমি নাম পরিবর্তনের আবেদন করিনি; আমি শুধু আমার নিজের নামটি ফেরত চাই। যে নাম নিয়ে জন্মেছি, যে নামে মা-বাবা ডাকেন, সে নামে পরিচিত হতে চাই—সেটুকু অধিকার ফিরে পেতে আর কতবার নিজের পরিচয় প্রমাণ করতে হবে?

অতএব, আপনার নিকট আকুল আবেদন, আমার নামটি সংশোধন করে আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আর সম্ভব হলে, যিনি নামটি ভুল লিখেছেন, তাঁকেও একবার সেটি পড়ে শোনানোর ব্যবস্থা করা হোক—তিনি যেন অন্তত বুঝতে পারেন, নিজের লেখা আর মানুষের পরিচয় এক জিনিস নয়।

পরিশেষে একটি ছোট অনুরোধ। আমার নামের বানানটি সংশোধন করার আগে দয়া করে নিশ্চিত হবেন, সংশোধন করতে গিয়ে আবার নতুন কোনো নামের জন্ম হচ্ছে না। কারণ, আমার জন্ম একবার হয়েছে; প্রতিটি সংশোধনে নতুন করে জন্ম নেওয়ার মতো সময়, সামর্থ্য কিংবা শখ—কোনোটিই আমার নেই।

বিনীত নিবেদক,

একজন নামবিভ্রান্ত নাগরিক, যাঁর জন্ম হয়েছে একবার, নিবন্ধনও হয়েছে—শুধু নামটি এখনো তাঁর হয়নি। নাম লেখা হয়েছে অন্যভাবে, আর নিজের পরিচয় ফিরে পেতে যাঁকে বারবার প্রমাণ করতে হচ্ছে—তিনি আসলে তিনিই।

পুনশ্চ: মহোদয়, জন্মসনদে আমার নাম লেখা হয়েছে ক্জক্ল্জ্

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন