রস+আলো আবার কবে বন্ধ হবে?

সে কী কথা! বের হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হওয়ার কথা কেন?

পৃথিবীতে কত আজব ঘটনাই ঘটে। এর মধ্যে একটা হলো রস+আলো একদিন সবাইকে কাঁদিয়ে বন্ধ হয়ে গিয়েছিল। আবারও চালু হলো। তাহলে বন্ধ হওয়ার কথা কেন?

কারণ, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? রস+আলোর বেলায় আমরা আগেভাগে বলে রাখছি, আমরা কিন্তু শিগগিরই বন্ধ হয়ে যাব। জিজ্ঞেস করেন, কেন?

কেন?

কারণ, আমরা দেখেছি, যা বন্ধ হয়ে যায়, তাকেই লোকে ভালো বলে। তাকেই লোকে মিস করে।

যে মাছ ধরা পড়ে না, সেটা সবচেয়ে বড় মাছ হয়। আমরা যখন রস+আলো বের করেছিলুম, তখন কেউই সেটিকে ভালো বলেনি। ভালো বলেছে আলপিনকে। কেন লোকে আলপিনকে ভালো বলছে, তা জানার জন্য প্রায় কোটি টাকা খরচা করে (জিম্বাবুয়ের টাকা) আমরা রিসার্চ করিয়েছি। অনেক পিপে নস্যি উড়িয়ে–পুড়িয়ে তাঁরা রিপোর্ট দিলেন: আলপিন ভালো। কারণ, আলপিন বন্ধ হয়ে গেছে। রস+আলোর ভালোতর হওয়ার একটাই উপায়, ওটাকে বন্ধ করে দিন। যেমন কথা, তেমন কাজ। আমরা রস+আলো বন্ধ করে দিলাম। আর অমনি সবাই একযোগে হাপুসহুপুস নয়নে কাঁদতে লাগল, রস+আলো যা ছিল, উহু, আহা, সেরাম, জোশ, জটিল, হেব্বি, অসাম, টেরিফিক, গুল্লি, যা-তা, অস্সাধারণ।

তো এতই যদি রস+আলো ভালো হতো, নিন। আবার দিলাম।

এবার আপনারা কী বলবেন, তা আমরা জানি। আগের মতো হচ্ছে না। এই জীবনে এ কথা যে কতবার শুনলাম। আপনার লেখা আগের মতো হচ্ছে না, বিশ্বকাপ ফুটবল, আগের মতো হচ্ছে না, প্রথম আলোর নিউজ, আগের মতো হচ্ছে না, ইলিশ মাছের স্বাদ, আগের মতো হচ্ছে না, স্কুলে লেখাপড়া, আগের মতো হচ্ছে না। বলি, জনসংখ্যা বৃদ্ধি? বলে, আগের মতো হচ্ছে না। জিনিসপাতির মূল্যবৃদ্ধি? সেটাও নাকি আগের মতো হচ্ছে না।

সেই যে গল্প আছে! আমার বাবা এমন বড় শিকারি ছিলেন, ভুলে গুলি নেননি, শুধু বন্দুক দিয়ে বাঘ শিকার করেছেন। আরে, আমার বাবা তো বন্দুকও নেননি, শুধু গুলি দিয়ে বাঘ শিকার করেছেন। আর আমার বাবা! শুধু লাইসেন্স দিয়ে বাঘ শিকার করেছেন। আমাদের রস+আলো আগেরটা (ফার্স্ট সিজন), আলপিন (নিষিদ্ধ) শুধু স্মৃতি দিয়ে সুপারহিট হয়ে আছে।

যে দিন যায়, সেই দিনই সবচেয়ে সুন্দর ছিল। যে নারী চলে গেছে, সে–ই সবচেয়ে যোগ্য ছিল। যে রস+আলো বন্ধ হয়ে গিয়েছে, সেটাই বেটার ছিল। যায় দিন ভালো, আসে দিন খারাপ।

কাজেই গোপাল ভাঁড়ের মতো আলুপোড়া খেতে খেতে বলি, আবার কবে পুড়বে? আবার কবে রস+আলো বন্ধ হবে?

রোববারের এই ফান/রম্য/স্যাটায়ার ম্যাগাজিনটির নাম আমি দিতে চেয়েছিলাম সেফটিপিন, যাতে বন্ধ না হয়। আলবার্তো ইকো বলেছেন, আবিষ্কার হয়ে যাওয়ার পর কিছু কিছু জিনিসের আর উন্নতির দরকার পড়ে না, তারা চিরকাল থেকে যাবে, যেমন বই, চামচ, কাঁচি, চাকা। আমি যোগ করি, সেফটিপিন। এটা চিরকাল লাগবে। তাতে অসুবিধা হলো, একবার চালু হলে সেফটিপিন আর বন্ধ হতো না।

কিন্তু যা বন্ধ হবে না, তা হিট করবে না। কাজেই আবারও রস+আলো। অচিরেই বন্ধ হয়ে যাবে। ভালো বলতে হলে এখনই বলুন। বন্ধ হয়ে যাওয়ার পর সবাই ভালো বলতে পারে। চালু অবস্থায় ভ্যালু দিতে যে পারে, সেই প্রকৃত সমঝদার।

আপনারা বলুন, রস+আলো ভালো হচ্ছে। তা না হলে এটা আবারও বন্ধ করে দেওয়া হবে। ভালো ছিল, তা শোনার এটাই একমাত্র উপায়!