বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের নানামুখী চাপে অবশেষে সিদ্ধান্ত নিলাম, এবার পাসপোর্ট করতেই হবে!
আড্ডায়-আলাপে দেশের বাইরে ঘুরতে যাওয়ার কোনো প্রসঙ্গ উঠলে আমি আর কথা বলতে পারি না। কারণ, আমার পাসপোর্ট নেই। তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার পাসপোর্ট নেই—এ ধরনের লাঞ্ছনা–গঞ্জনা আর সহ্য করব না। প্রচণ্ড জেদ নিয়ে আমার এক ছোট ভাইকে বললাম, ‘পাসপোর্ট করব!’
ছোট ভাই উদাস গলায় বলল, ‘দুই বছর ধরে শুনতেছি। একবার ফরম ফিলাপও করে দিলাম। ছবি তুলতে গেলেন না!’
ছোট ভাইয়ের কথা সত্য। আগেরবার যেদিন ছবি তুলতে যাওয়ার কথা, সেই সকালে আমার মনে হলো, পাসপোর্ট হইতে ঘুম উত্তম। তা ছাড়া বিদেশে গিয়ে করব কী? বাংলাদেশটাই তো ঘুরলাম না। রবীন্দ্রনাথ বলেছেন, ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া’ টাইপ কী যেন…
এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম।
আমি বললাম, ‘আমরা পুরোনো কথা নিয়ে পড়ে থাকি বলেই আমাদের উন্নতি হয় না। সব বাদ। তুই বল, কী করতে হবে।’
‘আপ্নের গলায় প্রথম আলোর কার্ড ঝুলানি আছে। আপ্নে হইতেসেন সাংবাদিক। আপ্নের কাসে দালাল আইবনি!’
কী করতে হবে।’
ছোট ভাইয়ের সাহায্য নিয়ে ফরম ফিলাপ করলাম। প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করলাম। এবার আর ছবি তোলার দিন রবীন্দ্রনাথ আওড়ালাম না।
পাসপোর্ট অফিসে প্রচণ্ড ভিড়। তিন তলায় ঘণ্টাখানেকের মতো এক কাউন্টারে লাইন ধরে দাঁড়িয়ে কাগজপত্র সব জমা দিতেই শুনলাম, এনআইডির ভেরিফিকেশন লাগবে। নিচতলায় যেতে হবে।
নিচতলায় গিয়ে আরেকটা লাইনে ধরলাম। আধা ঘণ্টা পার হওয়ার পর যেখন দেখলাম লাইন আগায় না, বিরক্ত হয়ে ভাবলাম, যাই, দালাল ধরি।
অনেকক্ষণ এদিক-ওদিক খুঁজলাম। দালালের হাবভাবের কাউকেই দেখলাম না।
কী আশ্চর্য! বাংলাদেশ এত ভালো হয়ে গেল কবে!
শেষে দারোয়ান টাইপ একজনকে জিজ্ঞেস করলাম, ‘আশপাশে দালাল নাই?’
ভদ্রলোক বললেন, ‘কিয়ের দালাল! এইখানে কুনো দালাল নাই!’
‘সত্যি?’
‘বিশ্বাস না হইলে খুঁজেন। পাইলে আমারে আইসা কইয়েন সত্য কইছি নাকি মিথ্যা কইছি!’
আমি তীব্র অবিশ্বাস নিয়ে চারপাশে খুঁজতে শুরু করলাম। চোখে সতর্ক দৃষ্টি। আমার হাবভাব দেখে মনে হচ্ছে, আমি নিজেই একজন দালাল!
সত্যিই অবিশ্বাস্য ব্যাপার, একজন দালালও পেলাম না!
প্রচণ্ড বিরক্তি নিয়ে আবার সেই লাইনের পেছনে এসে দাঁড়ালাম। সময় কাটানোর জন্য সামনের জনকে বললাম, ‘ভাই, বাংলাদেশ তো বদলে গেছে। এতক্ষণ খুঁজেও দালাল পেলাম না।’
ভদ্রলোক নিচু গলায় বললেন, ‘আপ্নের গলায় প্রথম আলোর কার্ড ঝুলানি আছে। আপ্নে হইতেসেন সাংবাদিক। আপ্নের কাসে দালাল আইবনি!’
নিজের বুকের দিকে তাকিয়ে সত্যিকার অর্থেই বেকুব হয়ে গেলাম। এতক্ষণ ধরে কিনা আমি অফিসের কার্ড গলায় ঝুলিয়ে দালাল খুঁজলাম!
যাহোক, সাড়ে পাঁচ ঘণ্টা বিভিন্ন লাইন ধরার পর আমার কপাল খুলল; অর্থাৎ ছবি তোলার সুযোগ এল। ততক্ষণে গরমে-ঘামে আমি মৃতপ্রায়। কোনোমতে ঘামটাম মুছে ছবি তুললাম। ছবিতে আমাকে চেনা যাচ্ছে না। মনে হচ্ছে দাগি আসামি। খুব মন খারাপ করে বললাম, ‘আমার ছবিটা কি আরেকবার তোলা যায়?’
ভদ্রমহিলা একবার আমার দিকে তাকালেন। তারপর কড়া গলায় বললেন, ‘আজ চাপ বেশি, সময় নাই। তা ছাড়া আরেকবার ছবি তুললে লাভ হবে না। এ রকম ছবিই আসবে।’