জীবনটা গেল চাকরগিরি করতে করতে। ঘরেরও চাকর, অফিসেরও চাকর। না দাম দিল বস, না দাম দিল বউ। তাই একটা চমক দেখাতে চাই।
সিনিয়ার অফিস কলিগ মিজান ভাইকে কথাটা বলতেই, ভাই শাঁই করে ঘুরে তাকাল তুহিনের দিকে। চোখ পাকিয়ে বলল, বস আর বউকে কখনোই চমক দেখাবার চেষ্টা করবে না। যতবার চেষ্টা করবে, ততবারই চমকে যাবে।
- ভাই মনে হয় আমার কথাটা ধরতে পারেননি। আমি বউকে একটা সারপ্রাইজ দিতে চাইছি। কী করতে চাইছি, শুনবেন তো?
- কিচ্ছু শোনার দরকার নেই। আবারও সাবধান করে দিচ্ছি, ভুলেও বউকে কখনো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবে না। এমন প্রাইজ দেবে, ঘরে থাকতে পারবে না।
দুই.
মিজান ভাই বললেই হলো? মনের সুপ্ত ইচ্ছা গুপ্ত রেখেই মরতে হবে? কাভি নেহি। বিছানায় হেলান দিয়ে শুয়ে তুহিন বউকে বলল, একটা জিনিস ভাবছি, বুঝলে?
- তুমি হচ্ছ বিশ্ব ভাবুক গোষ্ঠীর চেয়ারম্যান। সারা দিন কী সব ভাবো আর ল্যাপটপে কাকের ঠ্যাং, বকের ঠ্যাং লেখো।
রত্না মোবাইলে রিলস দেখতে দেখতে ভেংচিঘাত করল।
- কাকের ঠ্যাং মানে? আফসোস, যাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এতকিছু করছি, সেই বুঝল না! এদিকে নভেম্বর মাসের প্রায় অর্ধেক শেষ। জমা দেব কবে, আর বই হবে কবে? সময় তো আর বেশি নেই। এর মধ্যে কি পারব?
- ও এম জি! আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য? আগে বলবে না? জানুয়ারি মাস আসতে এখনো দেরি আছে। না পারার কী আছে?
রত্না মোবাইল ফেলে মহা উৎসাহ নিয়ে তুহিনের দিকে এগিয়ে এল।
- ডিসেম্বরে জমা তো দিতে হবে।
- জমা দিতে হবে, দিয়ে দাও। সব রেডি আছে না?
- তা আছে। কিন্তু...
- কিন্তু আবার কী? বই জমা দিয়ে ভিসার জন্য দাঁড়ালেই হয়।
- ভিসা!
- এত অবাক হওয়ার কী আছে? ভিসা ছাড়া তোমাকে কোনো দেশে ঢুকতে দেবে?
- ভিসার কথা আসছে কোথা থেকে? আমি তো জীবনের প্রথম বই লিখে বইমেলায় ঢোকার কথা ভাবছিলাম।
- কী? আর আমি ভাবলাম, জানুয়ারিতে আমাদের বিবাহবার্ষিকী, তাই পাসপোর্ট বই জমা দিয়ে ভিসা লাগানোর কথা ভাবছ। আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছ থাইল্যান্ড। ওখানে রোমান্টিক সব ছবি তুলে, হাতে তুলে দেবে দামি উপহার। সেই ছবি দেখে ফেসবুকে তো ভাবিদের চোখ কপালে উঠবে। ভাবিদের খোঁচায় ভাইদের তিন দিনের ঘুম হারাম হয়ে যাবে। ভাই, ভাবিরা জ্বলেপুড়ে ছাই হয়ে যাবে।
- ইয়ে মানে, বিবাহবার্ষিকীর দিন জীবনের সবচেয়ে দামি উপহার হিসেবে বইটা তোমার হাতেই তুলে দেব তো। বই কি সোনাদানা, হীরা-জহরতের চেয়ে অমূল্য না?
- অমূল্য বলেই তো এই জমানায় কেউ বই কেনে না। মুড়ির ঠোঙা বানানো আর চিতই পিঠার ভর্তা দেওয়া ছাড়া বইয়ের পাতা আর কী কাজে লাগে শুনি? তার ওপর তোমার লেখা। সেই লেখা পড়ে ফেসবুকে পাঁচটা মানুষও লাইক দেয়?
জল টলমল চোখ তুলে আকাশের দিকে তাকায় তুহিন। না, নিজের জন্য খারাপ লাগছে না। খারাপ লাগছে সেই সব পাঠকের জন্য, আর রত্নার জন্য; যারা একজন কালজয়ী লেখকের লেখা না পড়েই পৃথিবী থেকে বিদায় নেবে। আফসোস, বড়ই আফসোস।