সালমান মুক্তাদিরের বিয়ে থেকে অনুপ্রাণিত হয়ে যেকোনো সময় বিয়ে করতে পারেন সালমান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নববধূর সঙ্গে সালমান মুক্তাদির
ছবি: ফেসবুক থেকে

উপমহাদেশের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হিসেবে আগে যে দুজনের নাম উচ্চারিত হতো, তাঁদের একজন সদ্যই বিয়ে করে ফেলেছেন। তাই তালিকায় শুধু একা পড়ে রইলেন আপনার-আমার ভাইজান সালমান খান। কিন্তু ব্যক্তিজীবনে এতগুলো বছর যিনি একা থেকেছেন, তালিকায় একা থাকা কি তাঁর জন্য অসাধ্য কিছু?

না, একদমই নয়। তবু এবার বিয়ে করার সিদ্ধান্ত নিলেন ভাইজান সালমান খান। ব্যাপারটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। মিতা সালমান মুক্তাদিরের বিয়ের সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে ‘একটু থামুন’–এর তরফ থেকে গোপনে ইমোতে (আমাদের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যম) কল দেওয়া হয় ভাইজানকে। সালমান মুক্তাদিরের বিয়ে করার বিষয়টি কীভাবে দেখছেন, এ প্রশ্ন করা হলে সালমান খান চা খেতে খেতে বলেন, ‘ফেসবুকে দেখেছি। হা হা হা হা হ...জাস্ট একটু মজা করলাম আর কী!’

সালমান খান
ছবি: সংগৃহীত

সালমান খানের কৌতুক শুনে ‘একটু থামুন’–এর দিক থেকে কোনো হাসির আওয়াজ না যাওয়ায় অনেকটা বিরক্ত হয়ে সালমান খান বলেন, ‘তোমাদের জীবনে কি রসকস নাই? আমি সিনেমায় এত দমফাটানো কমেডি করি। তা–ও তোমরা মিয়ারা একটু হাসো না। এখন এত সুন্দরভাবে তোমাদের সাথে একটু মজা করলাম। তা–ও হাসলা না। তোমাদের জীবনে হাসি-তামাশা নাই দেখেই তোমরা সালমান মুক্তাদিরের মতো বিয়ে–জাতীয় আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারো।’

সালমান বলতে থাকেন, ‘যাহোক, সালমান মুক্তাদির আমাদের চিরকুমার সংঘের সাধারণ সম্পাদক ছিল এত দিন। বিয়ে করে ফেলায় প্রথমেই আমি তাঁকে এই সংঘ থেকে বহিষ্কার করি। তবে লজ্জায় এত দিন বলতে না পারলেও আজকে বলতেই হচ্ছে; আমারও ইচ্ছে এখন ওর মতো বিয়ে করার।’

চিরকুমার সংঘের সাধারণ সম্পাদকের পর সভাপতিও বিয়ে করে ফেললে এই সংঘ বিলুপ্ত হয়ে যাবে কি না, এ প্রশ্ন করা হলে ভাইজান বলেন, ‘হ্যাঁ, এটাই ভয়। মনে বিয়ে করার স্বাদ জাগলেও চিরকুমার সংঘের অকালমৃত্যু দেখতে পারব না। তাই সভাপতি পদে যোগ্য কাউকে পেলে তাঁর হাতে দায়িত্বটা তুলে দিয়ে তবেই শান্তিতে বিয়ে করতে পারব।’

সালমান মুক্তাদিরের বিয়ে থেকে অনুপ্রাণিত হয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন কি না, এ বিষয়ে প্রশ্ন করলে সালমান খান বলেন, ‘অনেকটা সে রকমই। প্রকাশ্যে চিরকুমার সংঘ চালালেও ভেতরে ভেতরে ইচ্ছা ছিল একদিন বিয়ে করার। কিন্তু সাহসটা হচ্ছিল না। অবশেষে সালমান মুক্তাদিরের বিয়ে আমাকে সেই সাহস জুগিয়েছে। এ জন্য কৃতজ্ঞতাস্বরূপ এই নবদম্পতিকে আমার “কিসি কা ভাই, কিসি কি জান” সিনেমার দুইটা টিকিটও গিফট করেছি।’

এদিকে সালমান মুক্তাদিরের বিয়ে দেখে সালমান খানের বিয়ে করতে চাওয়া নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে বাংলাদেশি চিরকুমার সংঘের টিএসসি শাখায়। এই সংঘের সদস্যদের মধ্যে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। ফেসবুকে একের পর এক মিম শেয়ার করে সব বিবাহিত এবং বিয়ে করতে চাওয়া পুরুষদের উপহাস করে চলেছেন তাঁরা। এই সংঘের সভাপতি মুন্না এবং সাধারণ সম্পাদক সঞ্জয়কে ইমোতে কল দেওয়া হলে মুন্না বলেন, ‘আমরা দুজনকেই বয়কট করেছি। তবে যেকোনো কিছুর বিনিময়ে বলিউড ভাইজানকে এই ভুল পথ থেকে ফিরিয়ে আনবই।’

সাধারণ সম্পাদক সঞ্জয় বলেন, ‘জীবনে কখনো এমন দিন দেখতে হবে ভাবতেও পারিনি। সালমান মুক্তাদির না হয় বিয়ে করল, কিন্তু সালমান খান কীভাবে বিয়ে করার সিদ্ধান্ত নেয়? আমাদের চিরকুমার সংঘ কি এতটাই মূল্যহীন তাঁর কাছে?’

‘মোস্ট এলিজিবল’ ব্যাচেলর হিসেবে বাংলাদেশে বেশ সুনাম ছিল সালমান মুক্তাদিরের। ভাইজান সালমান খানের সঙ্গে এই একটা দিক থেকেই এক কাতারে দাঁড়ানোর সুযোগ পেতেন সালমান মুক্তাদির। কিন্তু হঠাৎ বিয়ে করে ফেলায় দুই সালমানের নাম আর একসঙ্গে উচ্চারিত হওয়ার কোনো কারণ রইল না।

হাজার হাজার তরুণীর হৃদয় ভেঙে দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে একটুও কষ্ট হয়েছে কি না, এ বিষয়ে সালমান মুক্তাদিরকে গোপনে ইমোতে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই জগতে ছেলেদের কাজই হচ্ছে যাবতীয় কষ্ট নিজের মধ্যে চেপে রেখে সবকিছু হাসিমুখে চালিয়ে যাওয়া।’

যাহোক, এ রকম সাহিত্যিক মার্কা উত্তর ‘একটু থামুন’–এর মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় এটা নিয়ে আর কথা না বাড়িয়ে দ্বিতীয় প্রশ্ন করা হলো সালমান মুক্তাদিরকে, ‘আপনাকে বিয়ে করতে দেখে বলিউড ভাইজান সালমান খানের বিয়ে করার সিদ্ধান্তকে কীভাবে দেখছেন?’ সালমান মুক্তাদির বলেন, ‘আসলে ভাইজান সব সময় বিয়ে করতে চাইতেন। ফেসবুকে “তোমাকে বিয়ে করতে চাই” লিখে অনেক মেয়েকে মেসেজও দিয়েছেন তিনি। তবে ব্যাপারটা মেয়েরা কোনোভাবেই বিশ্বাস করতে না পেরে ফেক আইডি ভেবে সবাই সালমান ভাইকে ব্লক করে দিত। অবশেষে আমার বিয়ে করা দেখে এবার প্রকাশ্যে বলার সুযোগ পেলেন ভাইজান।’

ফ্রিতে পাওয়া টিকিট দিয়ে ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমাটা নববধূকে নিয়ে দেখতে যাবেন কি না, প্রশ্ন করতেই সালমান মুক্তাদির বলেন, ‘সরি, ভাই! আর কথা বলতে পারব না। বাসা থেকে বাজার করতে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। বাই!’