এই গল্পটা আমি অনেকবার করেছি। ফেসবুকে। তা–ও সুযোগ পেলে বারবার করি।
অনেকেরই ধারণা আমার নাম ইশতিয়াক আহমেদ, আহমেদ ইশতিয়াক নয়। ফেসবুক আইডিতে ভাব দেখিয়ে আহমেদটাকে আগে দিয়েছি। এটা সত্য না। আমার আসল নামেই আহমেদ আগে। সার্টিফিকেট সাক্ষী।
স্কুলে ভর্তি হওয়ার সময় আমার নাম ছিল মুহসিন আহমেদ। বন্ধুদের মুখে মুখে এই মুহসিন নামটাই বিবর্তিত হয়ে মেশিন আহমেদ হয়ে যায়। দীর্ঘ তিন বছর এই মেশিন নামের লাঞ্ছনা গঞ্জনা আমাকে সহ্য করতে হয়েছে।
ক্লাস ফাইভে নতুন স্কুলে ভর্তির সময় আমি বিদ্রোহ করলাম। এই নাম মানি না, নতুন নাম লাগবে। বাবা আমার বিদ্রোহ দমন করতে গিয়ে ফেইল করলেন। নানান ঘটনার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলো, আমার নতুন নাম, ইশতিয়াক আহমেদ।
স্কুলের ফর্ম পূরণ করতে গিয়ে আহমেদ আগে লিখে ফেললাম। লিখেই বুঝলাম কাহিনি ঘটে গেছে। বাবাকে বললে মাইর একটাও মাটিতে পড়বে না। নতুন ফর্ম কিনতে টাকা লাগবে হয়তো। মাইর দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু আহমেদ ইশতিয়াক নামটার দিকে তাকাতেই মনে হলো, নামের মধ্যে একটা ভাব এসেছে। এই নামটা খারাপ না।
আমি আবার বিদ্রোহ করলাম। আগে আহমেদ পরে ইশতিয়াক নামটাই আমার চাই। এই বিদ্রোহ দমন করতে বাবা ভায়োলেন্সের পথ বেছে নিলেন এবং যথারীতি ফেইল করলেন। জনগণ একবার খেপে গেলে সেই বিদ্রোহ দমন করা যায় না। আপাই পারেন নাই, আর তিনি তো সাধারণ বাপ! ওই বয়সেই আমি বললাম, নাম চেঞ্জে কী আসে যায়, আমি তো আমিই থাকব। নতুন নামের কারণে আমার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, আমি সারা জীবন আগের মতোই ‘দুষ্টামি’ করে যাব।
২
২০০৪ সালে খালেদা জিয়ার সরকারের আমলে পুলিশের বিশেষ বাহিনী হিসেবে গঠন করা হয়েছিল RAB নামের একটা বাহিনী। শুরু থেকেই এই বাহিনীটির বিরুদ্ধে কথিত ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নানান অভিযোগ উঠতে থাকে।
এর পর থেকে নানান সময়ে র্যাবের বিলুপ্তির কথা উঠেছে। কিন্তু তা কখনো করা হয় নাই।
অনেক বছর পরে এখন শোনা যাচ্ছে র্যাব বাতিল হবে। কিন্তু এই বাতিল সেই বাতিল নয়। বাহিনী একই রকম থাকছে, কাগজে-কলমে শুধু নামটাই চেঞ্জ হচ্ছে। আগে নাম ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB), এখন নাম হবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB)। যদিও কর্তৃপক্ষ বলছে, এই বাহিনী সেই বাহিনী নয়, এখানে বাহিনীর আইনকানুন থাকবে। আগে তারা যা করত, এখন আর করবে না।
এসব গালভরা কথাবার্তা শুনে নিজের নাম চেঞ্জ করার সময়টা মনে পড়ে গেল। মনে পড়ল, ওই বয়সেই আমি গম্ভীর গলায় বাসার সবার সামনে ভাষণের সুরে বলেছিলাম, নাম চেঞ্জে কী আসে যায়, আমি তো আমিই থাকব। নতুন নামের কারণে আমার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, আমি সারা জীবন আগের মতোই ‘দুষ্টামি’ করে যাব।
—বি.স.