ওরে বাবারে, গিটার বাজানো ভয়ংকর কঠিন: মেগাস্টার শাকিব খান

বিশ্বকাপে জিতলেন না হারলেন?

আমি হারি কীভাবে! আমি তো সব সময় ভালো ফুটবলের দলে থাকি। ট্রফি পেয়েছে স্পেন, আর সুন্দর ফুটবল খেলা দেখে আনন্দ পেয়েছি আমি! 

তবে কি ভেবে নেব আপনি স্পেন সমর্থক?

তা তো বলব না। সমর্থনের চেয়ে ভালো খেলা উপভোগ করাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। মানুষ রহস্য ভালোবাসে—যার যার মতো করে ভাবুক। কেউ যদি আমাকে স্পেনের সমর্থক ভাবে, ভাবুক; কেউ অন্য কিছু ভাবলেও আপত্তি নেই! 

আপনার বয়স কত?

বয়স… এই হিসাব ক্যালেন্ডার দেখে করি না, কাজ দিয়ে করি। তাই আমার বয়স ২৭। মজার ব্যাপার, অনেকেই আবার বলে ২৫! ভাবি, মানুষ যখন ভালোবেসে বয়স কমায়, তর্ক করে লাভ কী! তাই ২৫ আর ২৭—দুটোই আমার, বাকি হিসাব মানুষের ওপর ছেড়ে দিলাম।

শাকিব খান কোন খেলা ভালো পারে?

ক্রিকেট, ফুটবল দুটোই ভালো খেলতে পারি। তবে প্রিয় খেলা বোধ হয় হাডুডুও! কারণ, হাডুডু শুধু মাঠে নয়, জীবনেও কাজে লাগে। ক্যারিয়ারে অনেকেই আমাকে ল্যাং মারার চেষ্টা করেছে, কিন্তু হাডুডু খেলতে খেলতেই শিখেছি—কীভাবে সবাইকে পাশ কাটিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়।

অভিনয় করা বেশি কঠিন, নাকি ফেসবুকে নিজেকে নিয়ে বানানো মিমে হাহা দেওয়া? 

ফেসবুকের মিমে ‘হাহা’ দেওয়ার সুযোগই নাই, কারণ এটা ব্যবহারই করি না। অভিনয়টাই করি, মনপ্রাণ দিয়ে চেষ্টা করি। সত্যি বলতে, অভিনয় বেশি কঠিন—কারণ, প্রতিদিন নিজেকে নতুন করে প্রমাণ করতে হয়। আমি সেই কঠিনেরে ভালোবাসিলাম! 

গিটার বাজানো নাকি মেশিনগান চালানো, কোনটা কঠিন?

ওরে বাবারে, গিটার বাজানো ভয়ংকর কঠিন! মেশিনগান চালাতে ট্রিগার টানলেই কাজ হয়, কিন্তু গিটার বাজাতে গেলে আঙুল, তাল, সুর—সবকিছু একসঙ্গে সমন্বয় করতে হয়!

সকালে শাকিব কী খান? 

সকালে ব্ল্যাক কফি খাই। দিনটা হিরোর মতো শুরু করতে, ঘুমকে ভিলেনের মতো হারাতে হয়!

সবকিছু এটাই ‘সাইন্স’, আর্টস বা কমার্স না কেন?

এটাই ‘সাইন্স’ বললে তর্ক কম হয়। ‘এটাই কমার্স’ বললে সবাই লাভ-ক্ষতির হিসাব জানতে চাইত, আর ‘এটাই আর্টস’ বললে কেউ না কেউ বলত—আসলে কবি এখানে অন্য কিছু বোঝাতে চেয়েছেন! 

আপনাকে নিয়ে ছড়ানো কোন গুজবটা আপনার সবচেয়ে প্রিয়?

আমাকে নিয়ে সব গুজবই আমি এনজয় করি। সবই প্রিয়।

অনেকের তো গুজব শুনলে রাগ হয়…

এসব শুনে মোটেও রাগ করি না, বরং বিনা টিকিটে নিজের জীবনের নতুন নতুন গল্প উপভোগ করি!

তুফান তাণ্ডব তো অনেক করলেন, শান্ত হবেন কবে?

শান্ত হলে তো গল্প শেষ! তাই আপাতত শান্ত না, ‘নিঃস্ব’ হচ্ছি। তবে মজার ব্যাপার হলো, যতই নিঃস্ব হই, মানুষের ভালোবাসায় ততই ধনী হয়ে যাই!

শুনলাম আপনার ডায়ালগ নিয়ে সুন্দরবনের বাঘ আর সিংহের মধ্যে মারামারি লেগে গেছে। আপনি কোন দলে?

বাঘ, সিংহ, সাপ—ওরা যার যার এলাকা নিয়ে ব্যস্ত থাক। আমি ওদের কোনো দলে না, আমি মানুষ; বনজঙ্গলের রাজনীতি বুঝি না। তা ছাড়া সুন্দরবনে গিয়ে রেফারির দায়িত্ব নেওয়ার ইচ্ছা নেই!