সামান্য আলুর ছবিটি ১২ কোটি টাকায় বিক্রি হয়েছিল কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলুর ছবিটি বিক্রি হয়েছে ১২ কোটি টাকায়
ছবি: কেভিন অ্যাবোশ

হ্যাঁ, ঠিকই পড়েছেন। ওপরে যে আলুর ছবি দেখছেন, তা বিক্রি হয়েছে ১০ লাখ ইউরো বা ১২ কোটি টাকায়! ছবিটি কিনেছেন ইউরোপের এক ব্যবসায়ী। আর ছবিটি তুলেছেন বিখ্যাত আইরিশ ভিজ্যুয়াল আর্টিস্ট কেভিন অ্যাবোশ।

কী আছে এই আলুতে? আদতে আলুটা ছিল আর দশটা আলুর মতোই খুব সাধারণ। ছবিটি অ্যাবোশ তুলেছিলেন ২০১০ সালে। নিজের ডাবলিনের বাড়িতে বেশ কিছু অর্গানিক সবজির ছবি তোলার সময় আলুর ছবিটিও তুলেছিলেন তিনি। আর ছবিটি টানানো ছিল চিত্রগ্রাহকের প্যারিসের বাড়ির দেয়ালে। সেখানেই ওই ইউরোপীয় ব্যবসায়ীর সঙ্গে আড্ডায় মেতেছিলেন অ্যাবোশ। তখনই হঠাৎ দেয়ালে টানানো ছবিটির দিকে চোখ পড়ে ব্যবসায়ীর। দেখেই ছবিটি কিনতে আগ্রহী হয়ে ওঠেন তিনি।

ইউরোপীয় ব্যবসায়ী কী এমন দেখেছিলেন ছবিটিতে, তা অবশ্য জানা যায়নি। আর এই আলু বিরল বা ভিনগ্রহেরও নয়। তবে কেন এত দাম? অ্যাবোশ জানিয়েছেন, আড্ডার সময় তাঁরা ‘পানীয়’ পান করছিলেন। তখনই ছবিটি পছন্দ হয়ে যায় ব্যবসায়ীর। তবে দাম নির্ধারণ করা হয়েছিল তারও দুই সপ্তাহ পরে।

৫৩ বছর বয়সী কেভিন অ্যাবোশ চিত্রগ্রাহক হিসেবে দারুণ জনপ্রিয়
ছবি: উইকিমিডিয়া কমনস

এমনিতে ৫৩ বছর বয়সী কেভিন অ্যাবোশ চিত্রগ্রাহক হিসেবে দারুণ জনপ্রিয়। জন লেননের স্ত্রী ইয়োকো ওনো, হলিউড তারকা জনি ডেপ, চলচ্চিত্রনির্মাতা স্টিফেন স্পিলবার্গ, নোবেলজয়ী মালালা ইউসুফজাইসহ অনেক নামীদামি ব্যক্তির ছবি তুলেছেন তিনি। সাধারণত অ্যাবোশ তাঁর সেলফ পোর্ট্রেটের জন্য পাঁচ কোটি টাকা পর্যন্ত নেন। তবে এই আলুর ছবিই তাঁর সব বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছে।

আলুর ছবিটির মোট তিনটি প্রিন্ট করেছিলেন অ্যাবোশ। একটি রেখেছেন নিজের সংগ্রহে, একটি সার্বিয়ার জাদুঘরে দান করেছেন এবং অন্যটি বিক্রি করেছেন ওই ব্যবসায়ীর কাছে।

জার্মান আলোচকিত্রী আন্দ্রেয়াস গুওস্কির তোলা ‘রাইন ২’
ছবি: উইকিমিডিয়া কমনস

এই বিক্রির মধ্যে দিয়ে আলুর ছবিটি সর্বকালের সেরা ১৫টি ব্যয়বহুল ছবিতে পরিণত হয়েছে। এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যয়বহুল ছবির রেকর্ড জার্মান আলোচকিত্রী আন্দ্রেয়াস গুওস্কির ‘রাইন ২’। ২০১১ সালে ছবিটি বিক্রি হয়েছিল ৪৩ লাখ ডলারে!

সূত্র: এবিসি নিউজ ও সিএনএন