পৃথিবীর সবচেয়ে বড় লোকউৎসব অক্টোবরফেস্টের সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮২৩ সালের অক্টোবরফেস্টে ঘোড়দৌড়ের ছবি এঁকেছেন শিল্পী
ছবি: উইকিমিডিয়া কমনস

সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সর্ববৃহৎ লোকউৎসব ‘অক্টোবরফেস্ট’- এর ১৮৭তম আসর। প্রতি বছর জার্মানির বাভারিয়া অঞ্চলের মিউনিখে উৎসবটি পালিত হয়। সেপ্টেম্বরের তৃতীয় শনিবারে শুরু হয়ে এ উৎসব চলে অক্টোবরের প্রথম রোববার পর্যন্ত। দুই শতাব্দীর বেশি সময় ধরে অনুষ্ঠিত হওয়া অক্টোবরফেস্ট বাভারিয়ান সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

জমজমাট অক্টোবরফেস্ট
ছবি: পেক্সেলস

১৮১০ সালের ১২ অক্টোবর বাভারিয়ার যুবরাজ লুদভিগ স্যাক্স-হিল্ডবার্গহাউজেনের রাজকন্যা থেরেসিকে বিয়ে করেন। রাজকীয় বিয়ে উপলক্ষে মিউনিখের সব নাগরিককে শহরের প্রধান ফটকের সামনের মাঠে আয়োজিত উৎসবে আমন্ত্রণ জানানো হয়। আয়োজন করা হয় ঘোড়দৌড় ও পানীয় উৎসবের। তখন থেকেই শুরু হয় এ উৎসবের।

প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার সকালে মিউনিখের মেয়র উৎসবের সূচনা করেন। ৪ লাখ ২ হাজার বর্গমিটার এলাকা জুড়ে সাজানো হয় উৎসবের প্রাঙ্গন। বসানো হয় ছোট-বড় অসংখ্য তাঁবু। এ উৎসবের মূল আকর্ষণ বিয়ার। উৎসব চলাকালে যেন বিয়ারের বন্যা বয়ে যায়।

অক্টোবরফেস্টের মূল আকর্ষণ লোকসংস্কৃতি
ছবি: উইকিমিডিয়া কমনস

বিয়ার পরিবেশনের জন্য নিয়োজিত থাকেন কয়েক হাজার কর্মী। বড় বড় গ্লাসে ভরে তাঁরা বিয়ার পৌঁছে দেন অতিথিদের হাতে। অক্টোবরফেস্টের দ্বিতীয় দিনে প্যারেডের আয়োজন করা হয়। তাছাড়া নান রকম রাইড, নাচ ও গানের জন্য বিখ্যাত এ উৎসব। এতে অংশ নিতে আসেন বিশ্বের নামকরা তারকারা।

ডিয়ার্নডল পরে অক্টোবরফেস্টে অংশ নিতে আসা নারীরা
ছবি: উইকিমিডিয়া কমনস

বিয়ার ও নানা পদের মুখরোচক খাবারের জন্য এ উৎসব আকর্ষণীয় সারা বিশ্বের লোকজনের কাছে। তবে বাভারিয়ানদের কাছে এটি তাঁদের ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনের অন্যতম মঞ্চ। এ উৎসবে বাভারিয়ান পুরুষরা পরেন চামড়ার তৈরি ট্রাউজার, চেক শার্ট ও অশ্বারোহীর পোশাক, মাথায় পরেন হ্যাট। নারীরা পরেন ‘ডিয়ার্নডল’ নামে খ্যাত এক ধরনের পোশাক। অনেক পর্যটক ঐতিহ্যবাহী বাভারিয়ান পোশাক পরে উৎসবে সামিল হন।

মিউনিখের অক্টোবরফেস্টের দিকে চোখ থাকে সারা বিশ্বের মানুষের। স্থানীয়দের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতি বছর কয়েক লাখ মানুষ এই উৎসবে যোগ দেয়। এ পর্যন্ত ২৬ বার বাতিল হয়েছে এ উৎসব।

অক্টোবরফেস্টে খেলাধুলার আয়োজনও থাকে
ছবি: উইকিমিডিয়া কমনস

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উৎসবটি টানা কয়েক বছর বন্ধ রাখা হয়। তাছাড়া কলেরা মহামারির জন্য দুই বার এবং সম্প্রতি করোনা মহামারির জন্য ২০২০ ও ২০২১ সালে উৎসবটি অনুষ্ঠিত হয়নি।

অক্টোবরফেস্টের সংগীতায়োজনও হয় জমজমাট
ছবি: উইকিমিডিয়া কমনস

অক্টোবরফেস্টের সূচনা জার্মানির মিউনিখে হলেও বর্তমানে এটি আর শুধু জার্মানির মধ্যে সীমাবদ্ধ নেই। মিউনিখের অক্টোবরফেস্টের আদলে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এ উৎসবের প্রচলন।